ধ্রুব ডেস্ক
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ছবি: ফাইল
যুক্তরাজ্য ইরানে কোনো সেনা পাঠাবে না বলে সাফ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি ইরানকে ঘিরে চলমান সংঘাতে সরাসরি জড়ানোর সম্ভাবনা নাকচ করে দিয়ে স্পষ্টই জানিয়েছেন, এ যুদ্ধ ‘আমাদের নয়’। আল জাজিরা খবরটি নিশ্চিত করেছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘এটি আমাদের যুদ্ধ নয় এবং আমরা এতে জড়াচ্ছি না’। তবে তিনি এটাও জানিয়েছেন, ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যে মিত্র দেশগুলোর সুরক্ষা নিশ্চিত করতে লন্ডন কিছু প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিচ্ছে।
যদিও যুক্তরাজ্য সরাসরি সেনা পাঠাবেনা এমন ঘোষণা দেওয়ার পরও কৌশলগতভাবে এই সংঘাতে যুক্তরাজ্যের ভূমিকা রয়েছে। হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে ইরানি লক্ষ্যবস্তুতে হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারেরও অনুমতি দেওয়া হয়েছে। এছাড়াও ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যুক্তরাজ্য যুদ্ধবিমানও মোতায়েন করেছে।
এ সময় স্টারমার সাংবাদিকদের আরো বলেন, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করতে যুক্তরাজ্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে। একই সঙ্গে তিনি পুনরায় জোর দিয়ে বলেন, “আমরা এই যুদ্ধে কোনোভাবেই পা দিচ্ছি না।”
ধ্রুব/ টিএম