কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ছবি: প্রতীকী
ঝিনাইদহের কোটচাঁদপুরে গভীর রাতে গোয়ালঘরের তালা ভেঙে এক কৃষকের দুটি হালের গরু চুরি হয়েছে। সোমবার (৩০ মার্চ) ভোরে উপজেলার ৫ নম্বর এলাঙ্গী ইউনিয়নের বলাবাড়িয়া খানপাড়ায় এই চুরির ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোরেরা কৃষক মোঃ জাকির হোসেন খান (৫৫)-এর গোয়ালঘর থেকে গরু দুটি নিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী কৃষক জাকির হোসেন জানান, প্রতিদিনের মতো রোববার রাতেও তিনি গরু দুটি গোয়ালঘরে তালাবদ্ধ করে রেখেছিলেন। ধারণা করা হচ্ছে, সোমবার রাত ৩টা থেকে ভোরের কোনো এক সময় অজ্ঞাত চোরেরা তালা ভেঙে ভেতরে ঢুকে গরু দুটি নিয়ে যায়। সকালে গোয়ালঘরে গরু না দেখে চুরির বিষয়টি নিশ্চিত হন তিনি।
চুরি হওয়া গরু দুটির আনুমানিক বাজারমূল্য সাড়ে ৪ লাখ টাকা বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছে। চাষাবাদের প্রধান সম্বল হারিয়ে কৃষক জাকির হোসেন এখন দিশেহারা। বলাবাড়িয়া এলাকায় হঠাৎ গরু চুরির ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, এলাকায় চোর চক্রের তৎপরতা বাড়ায় তারা গবাদিপশু নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।