ধ্রুব নিউজ ডেস্ক
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরি রোটন ছবি: সংগৃহীত
দীর্ঘদিন প্রাণঘাতী ব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই শেষে মারা গেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন। শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টায় ভারতের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তিনি ফুসফুসের জটিল ক্যানসারে ভুগছিলেন।
তার প্রয়াণের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক শোকবার্তার মাধ্যমে নিশ্চিত করেছেন সাবেক পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম। এক বার্তায় তিনি লেখেন, "রাজপথের সহযোদ্ধা ও স্নেহের ছোট ভাই রোটনকে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। এত দ্রুত তিনি চলে যাবেন, তা ভাবতেও কষ্ট হচ্ছে।"
মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় সভাপতি হিসেবে তার সঙ্গে নেতৃত্বে ছিলেন মাহমুদ হাসান রিপন। ছাত্রলীগের পাঠ চুকিয়ে পরবর্তীতে মূল দল আওয়ামী লীগের রাজনীতিতেও বেশ সক্রিয় হয়ে ওঠেন তিনি।
চট্টগ্রামের রাউজানের সন্তান রোটন ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমও সংগ্রহ করেছিলেন। এর ধারাবাহিকতায় ২০২১ সালে তাকে বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়।