নিজস্ব প্রতিবেদক
যশোরে ডেঙ্গু জ্বরের প্রকোপ প্রতিরোধ ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
যশোরে ডেঙ্গু জ্বরের প্রকোপ প্রতিরোধ ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা সাড়ে ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলার সহকারী সেক্রেটারি বেলাল হুসাইনের সভাপতিত্বে এতে সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন। মানববন্ধনে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও সচেতনতামূলক নানা বার্তা তুলে ধরেন। মানববন্ধন শেষে প্রেসক্লাব যশোরের সামনে থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি উকিল বার, প্যারিস রোড ও দড়াটানা মোড় প্রদক্ষিণ করে পুনরায় উকিল বারে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে করণীয় সংবলিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।
সমাবেশে বক্তারা বাসাবাড়ি ও চারপাশ পরিষ্কার রাখা, জমানো পানি অপসারণ করা এবং ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে কেবল সরকারি পদক্ষেপই যথেষ্ট নয়; সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও ব্যক্তিগত সচেতনতা অত্যন্ত জরুরি। ডেঙ্গুমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম, প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস, দপ্তর সম্পাদক নূর ই আল মামুন, পেশাজীবী থানা শাখার সভাপতি রাশেদুজ্জামান রতন, শহর জামায়াতের আমীর মাওলানা ইসমাইল হোসেন ও সেক্রেটারি ইমরান হোসেন প্রমুখ।