❒ যশোরে জামায়াতের কর্মী সমাবেশে গোলাম কুদ্দুস
নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
‘আমরা ইউনিয়ন পরিষদ ও উপজেলা নির্বাচনে বিজয়ী হলে এই জনপদের মানুষকে সুশাসন এবং দুর্নীতিমুক্ত ইউনিয়ন ও উপজেলা উপহার দিতে চাই’—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস।
বৃহস্পতিবার বিকেলে যশোর সদর উপজেলার ৮ নম্বর দেয়াড়া ইউনিয়নের নারাঙ্গালী স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেয়াড়া ইউনিয়ন শাখা আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম কুদ্দুস নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা হতাশ হবে না, বিভ্রান্ত হবে না, বেজার হবে না। তোমরাই বিজয়ী হবে, যদি তোমরা মুমিন হও।’ তিনি নেতাকর্মীদের নিজেদের চরিত্র ও কর্মকাণ্ড পরিশুদ্ধ করে সমাজ ও রাষ্ট্র গঠনের কাজে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চরিত্র, সমাজ ও রাষ্ট্র গঠনের যে ত্রিমুখী কর্মসূচি হাতে নিয়েছে, তা বাস্তবায়নে দলের প্রতিটি নেতাকর্মীকে জড়তা ভেঙে আরও সক্রিয় হতে হবে।
গত জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, যশোর সদর আসনে জামায়াতের প্রার্থীকে জনগণ ভোট দিলেও ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ মাধ্যমে তাকে পরাজিত করা হয়েছে। তবে আসন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ ধরণের পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
হারানো অবস্থান পুনরুদ্ধারের দৃঢ় আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমাদের যে ক্ষতি হয়েছে, ইনশাআল্লাহ আমরা তা পুষিয়ে নিতে সক্ষম হবো।’ এজন্য নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে দলীয় প্রার্থীদের পক্ষে জনমত গঠনের পাশাপাশি সাধারণ মানুষের আস্থা অর্জনের পরামর্শ দেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে গোলাম কুদ্দুস বলেন, নির্বাচিত হতে পারলে সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও শোষণমুক্ত স্থানীয় সরকার গড়ে তোলা হবে।
দেয়াড়া ইউনিয়ন ও সদর উপজেলা জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের যোগ্য ও পরীক্ষিত উল্লেখ করে তিনি সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা ও এলাকার সামগ্রিক উন্নয়নে তাদের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের মাঠে থেকে কাজ করার নির্দেশ দেন।
দেয়াড়া ইউনিয়ন জামায়াতের আমীর ডা. মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আবুল হাশিম রেজা এবং জেলা ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা শফিকুর রহমান।
এছাড়াও সমাবেশে আরও বক্তব্য দেন সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও দেয়াড়া ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আরিফুর রহমান কল্লোল এবং সদর উপজেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আখতার ফারুক।
উক্ত কর্মী সমাবেশে স্থানীয় জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।