শার্শা (যশোর) প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শায় দিনব্যাপী জলবায়ু স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। পরিবর্তনশীল জলবায়ুর সঙ্গে কৃষি খাতকে খাপ খাওয়ানো এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শার্শা উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট’ (ডিএই পার্ট) প্রকল্পের আওতায় ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে মেলার আনুষ্ঠানিক সূচনা করা হয়। পরবর্তীতে অতিথিবৃন্দ ফিতা কেটে মেলায় প্রদর্শিত বিভিন্ন স্টলের উদ্বোধন করেন। মেলায় বিভিন্ন স্টলে স্থানীয় কৃষকদের উৎপাদিত পরিবেশবান্ধব বিষমুক্ত ফলমূল, তাজা শাকসবজি ও উচ্চফলনশীল জাতের চারাগাছ প্রদর্শন করা হয়।
স্টল পরিদর্শন শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ ফারুক হাসান, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির এবং উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু।
অনুষ্ঠানে শার্শা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সংবাদকর্মী ও বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাবে কৃষি খাতে নানা ধরনের নতুন নতুন চ্যালেঞ্জের সৃষ্টি হচ্ছে। এসব প্রাকৃতিক প্রতিবন্ধকতা মোকাবিলায় কৃষকদের আধুনিক ও জলবায়ু সহনশীল প্রযুক্তির ব্যবহারে আরও বেশি উদ্বুদ্ধ করতে হবে। কৃষি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির সুষম ও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা গেলে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশে একটি টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।