চৌগাছা (যশোর) প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
‘জ্ঞান-বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের চৌগাছায় দশম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে এক সেমিনার ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের হলরুমে চৌগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলামের সভাপতিত্বে এবং সমিতির সভাপতি কামাল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রপ্রবাসী সি এম সি প্রোগ্রামার ও 'দি বোয়িং কোম্পানি'র ঊর্ধ্বতন কর্মকর্তা রমজান আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক (ডেপুটি ডিরেক্টর) মো. আইউব হোসেন, চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনিব এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম বজলুর রশীদ।
সভায় প্রধান অতিথি ও অতিথিবৃন্দ শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হওয়ার পাশাপাশি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারিক জ্ঞান অর্জন করে বিশ্বমানের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান। বক্তারা বলেন, একবিংশ শতাব্দীর প্রতিযোগিতামূলক বিশ্বে দেশকে এগিয়ে নিতে হলে পাঠ্যপুস্তকীয় জ্ঞানের বাইরেও বিজ্ঞান, গবেষণা ও আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম, মৃধাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, চৌগাছা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. তবিবর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের শিক্ষক, স্থানীয় সাংবাদিক ও সুধীজন।
আয়োজক কমিটি সূত্রে জানা যায়, চৌগাছা উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের প্রায় ৪০০ শিক্ষার্থী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে।