কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) উপ-পরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে দাপিয়ে বেড়ানোর অভিযোগে রাকিবুল হাসান (৩০) নামে এক ভুয়া কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুশনা ইউনিয়নের তালসার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রাকিবুল হাসান কোটচাঁদপুর উপজেলার শালকোপা গ্রামের মো. মহসিন আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাকিবুল হাসান দীর্ঘদিন ধরে তালসার বাজারসহ আশপাশের এলাকায় নিজেকে এনএসআইয়ের উপ-পরিদর্শক হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। এনএসআই কর্মকর্তা পরিচয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে বাজে আচরণ করতেন এবং সুযোগ বুঝে ভয়ভীতি দেখিয়ে অনৈতিক সুবিধা হাতিয়ে নিতেন বলে অভিযোগ রয়েছে।
মঙ্গলবার দুপুরে তালসার বাজারে আবারও এক ব্যক্তির কাছে এনএসআই কর্মকর্তার পরিচয় দিলে স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে তারা বিষয়টি তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী তালসার পুলিশ ক্যাম্পের ইনচার্জকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার কথাবার্তায় ব্যাপক অসংলগ্নতা ধরা পড়লে ভুয়া পরিচয়ের বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। পরে তালসার পুলিশ ক্যাম্প ইনচার্জ তাকে ঘটনাস্থল থেকে আটক করেন।
এ বিষয়ে স্থানীয়দের ভাষ্য, গোয়েন্দা সংস্থার মতো সরকারের একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ পদের ভুয়া পরিচয় দিয়ে সাধারণ মানুষকে হয়রানি বা প্রতারিত করার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। আটক রাকিবুল ইতিপূর্বে কতজনের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে অনৈতিক সুবিধা নিয়েছেন—তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানান তারা।
কোটচাঁদপুর থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।