কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’—এমন প্রত্যয় ও নানা আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা ও বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালি শেষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোটচাঁদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হোসাইন। এতে বিশেষ অতিথি ছিলেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক ও এনসিপি নেতা হৃদয় আহম্মদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম হোসাইন বলেন, "সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষকে সচেতন, দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার প্রধান হাতিয়ার। সমাজের কোনো মানুষ যেন শিক্ষা ও জ্ঞান থেকে পিছিয়ে না থাকে, সে জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।"
তিনি আরও যুক্ত করেন, "শিক্ষার আলো যত বেশি মানুষের কাছে পৌঁছাবে, ততই সমাজ থেকে দারিদ্র্য, কুসংস্কার ও অজ্ঞতার অন্ধকার দূর হবে। একটি উন্নত ও বৈষম্যহীন সমাজ গঠনে সাক্ষরতার প্রসারে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।"
আলোচনা সভায় অন্যান্য বক্তারা উল্লেখ করেন, বর্তমান প্রযুক্তির যুগে টিকে থাকতে হলে শুধু পড়তে ও লিখতে পারাই যথেষ্ট নয়; তথ্যপ্রযুক্তি, কর্মদক্ষতা ও জীবনমুখী শিক্ষার সাথেও মানুষকে সম্পৃক্ত করতে হবে। এ লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ জোরদার করার তাগিদ দেন তাঁরা।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।