নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের ‘কৃতী শিক্ষার্থী সংবর্ধনা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ১৫১ জন কৃতী শিক্ষার্থী এবং ২ জন বিশেষ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোতোষ কুমার নন্দী ও উপদেষ্টা আব্দুল আজিজ।
অভিভাবকদের পক্ষে গগনন্দপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার বিশ্বাস এবং সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষে রামিশা তানহা ও মাহমুদ হাসান মাহির বক্তব্য রাখে। অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জগদীশ চন্দ্র বসু এবং নবম শ্রেণির শিক্ষার্থী তাহাসিনা তাবাসসুম, ফাতিহা মুহসানাত ও লামিশা তানহা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান কৃতী শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে বলেন, "আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। মেধা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।"
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সৎ ও আদর্শ মানুষ হওয়া এবং সামাজিক মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানান।
পরে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন অতিথিরা। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ আনন্দমুখর পরিবেশে রূপ নেয়।