বেনাপোল (যশোর) প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে যশোরের শার্শা উপজেলার পাঁচ ভুলাট দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি কাজী শাহজাহান সবুজ সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের হাতে এসব জার্সি ও বুট জুতা তুলে দেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে এক সেট করে ফুটবল জার্সি ও উন্নত মানের বুট তুলে দেওয়া হয়। এ সময় মাদ্রাসার শিক্ষক মণ্ডলী ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মাদ্রাসা পরিচালনা পর্ষদ সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের কেবল শ্রেণিকক্ষের পড়ালেখায় সীমাবদ্ধ না রেখে শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উপহার হিসেবে নতুন জার্সি ও বুট পেয়ে শিক্ষার্থীদের মাঝে দারুণ আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এ বিষয়ে মাদ্রাসার সভাপতি কাজী শাহজাহান সবুজ বলেন, "শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য পড়াশোনার পাশাপাশি পর্যাপ্ত খেলাধুলার সুযোগ সৃষ্টি করা অত্যন্ত জরুরি। খেলাধুলা তরুণ প্রজন্মকে সুস্বাস্থ্য নিশ্চিত করার পাশাপাশি শৃঙ্খলা শেখায়। শিক্ষার্থীদের মনোদৈহিক বিকাশে এ ধরনের উৎসাহমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"