নিজস্ব প্রতিবেদক
ছবি: প্রতীকী
যশোরের কেশবপুর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে দগ্ধ হয়ে হামিদা খাতুন নামে ত্রিশ বছর বয়সী এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার বড়ংগা গ্রামে নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ হামিদা খাতুন বড়ংগা গ্রামের বাসিন্দা শাহিনুর রহমানের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে বাড়িতে বৈদ্যুতিক সংযোগে হঠাৎ শর্ট সার্কিটের ঘটনা ঘটলে ঘরে থাকা হামিদা খাতুন দগ্ধ হন। পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক জানান, হামিদা খাতুনের শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে (বার্ন ইউনিট) রেফার করা হয়েছে। ঘটনার পর থেকে পরিবারের সদস্যদের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।