নিজস্ব প্রতিবেদক
প্রেসক্লাব যশোরের সভাপতি ও দৈনিক যশোর-এর প্রকাশক-সম্পাদক জাহিদ হাসান টুকুনের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে এই দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। মাহফিলে সাংবাদিক নেতৃবৃন্দ, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত হয়ে অসুস্থ জাহিদ হাসান টুকুনের সফল চিকিৎসা ও দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দৌল্লা, সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীল নান্টু, প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু ও সহ-সভাপতি শেখ দিনু আহম্মেদসহ যশোরের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, জাহিদ হাসান টুকুন দীর্ঘদিন ধরে যশোরের সাংবাদিকতা ও সংবাদপত্র অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার এই আকস্মিক অসুস্থতার খবরে স্থানীয় সাংবাদিক সমাজ ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। বক্তারা তার সফল অস্ত্রোপচার ও দ্রুত পূর্ণ সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
পারিবারিক ও প্রেসক্লাব সূত্রে জানা গেছে, জাহিদ হাসান টুকুন সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হলে তাকে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে তার হার্টের তিনটি রক্তনালিতে ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা তাকে দ্রুত ওপেন হার্ট সার্জারি বা বাইপাস সার্জারি করার সিদ্ধান্ত দিয়েছেন। আগামী বৃহস্পতিবার তার এই অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার কথা রয়েছে।