নিজস্ব প্রতিবেদক
আহত রোহান ছবি:
যশোরের চৌগাছা উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় রোহান নামে নয় বছর বয়সী এক স্কুলশিক্ষার্থী আহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার দেবীপুর এলাকার আর কে ভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী বর্তমানে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কামুক্ত। আহত রোহান চৌগাছা উপজেলার দেবীপুর গ্রামের বাসিন্দা হিটলার রহমানের ছেলে। সে দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজকেও বিদ্যালয়ের পাঠ শেষে রোহান হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সকাল ১১টায় সে দেবীপুর এলাকার আর কে ভাটার সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার আঘাতে রোহান সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। দুর্ঘটনায় তার ডান পায়ের হাড় ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত রোহানকে উদ্ধার করেন। পরে তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তার শারীরিক অবস্থার গুরুত্ব বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন।
বর্তমানে রোহান যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার ডান পায়ের হাড় ভেঙে গেলেও সময়মতো চিকিৎসা পাওয়ায় তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং আশঙ্কামুক্ত।