নিজস্ব প্রতিবেদক
নবাগতদের বরণ অনুষ্ঠান ছবি: ধ্রুব নিউজ
যশোর কর অঞ্চলে ১৩তম থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে ১১৮ জনকে নিয়োগ প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার নবাগত এসব কর্মচারীদের যোগদান উপলক্ষে কর অঞ্চল যশোরের উদ্যোগে এক ব্যতিক্রমী বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের মনিহার তালতলা মোড়ের বিসমিল্লা কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও যশোর কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মুরাদ আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর কর অঞ্চলের কমিশনার মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, যশোর ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ লে. কর্নেল আখতার হোসেন, ট্যাক্স বার যশোরের সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী মোয়াজ্জেম হোসেন টুলু এবং দৈনিক মানবজমিন পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ও প্রেস ক্লাব যশোরের সাবেক সহসভাপতি নূর ইসলাম। অনুষ্ঠানের শুরুতে নবনিয়োগপ্রাপ্ত কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দকে স্বাগত জানিয়ে বক্তৃতা করেন যশোর কর অঞ্চলের যুগ্ম কমিশনার মামুন মিয়া।
ফুল দিয়ে বরণ করে নেন কর অঞ্চল যশোরে কর্মরত সিনিয়র স্টাফবৃন্দ। এ সময় চাকরিপ্রাপ্তদের অনেকেই আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন। বর্তমান সময়ে কোনো প্রকার তদবির বা অনিয়ম ছাড়া সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি, বিশেষ করে কর কমিশনের মতো প্রতিষ্ঠানে চাকরি পাওয়া তাদের কাছে স্বপ্নের মতো ছিল বলে অনুভূতি ব্যক্ত করেন তারা।
প্রধান অতিথি তার বক্তৃতায় যশোর কর অঞ্চলের প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে জানান, ২০২৫ সালের ১০ এপ্রিল প্রেষণে খুলনা কর অঞ্চলের ৩২ জন কর্মচারী নিয়ে যশোর কর অঞ্চলের যাত্রা শুরু হয়। যশোর, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহ জেলায় ২২টি সার্কেলের কার্যক্রম গত এক বছর ধরে এই স্বল্পসংখ্যক কর্মচারী দিয়ে পরিচালনা করতে গিয়ে নানা রকম সংকট মোকাবিলা করতে হয়েছে। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও সদ্য সমাপ্ত অর্থ বছরের ১০ মাসে যশোর কর অঞ্চলের মাধ্যমে ৯৭১ কোটি টাকার রাজস্ব আহরণ করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, এই কর অঞ্চলকে সুসংহত করার লক্ষ্যে ১৩তম থেকে ২০তম গ্রেডে ১২২ জন লোক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হয়েছিল। নানা ধাপ অতিক্রম করে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে আজ ১১৮ জনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলো। আজ থেকে এই ১১৮ জন যশোর কর অঞ্চল পরিবারের গর্বিত সদস্য।