বেনাপোল প্রতিনিধি
সংবাদ সম্মেলনে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান ছবি: ধ্রুব নিউজ
দেশের উদ্ভূত পরিস্থিতিতে যশোর রিজিয়নের সীমান্তবর্তী এলাকায় জ্বালানি তেলের নিরাপদ ও নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণ এবং অবৈধ মজুত ও পাচার রোধে কড়া নজরদারি শুরু করেছে বিজিবি। সোমবার (৩০ মার্চ) বেনাপোল বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের অস্থিরতা ও বৈশ্বিক অস্থিতিশীলতার সুযোগ নিয়ে সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশে যেন জ্বালানি তেল পাচার না হয়, সেজন্য বিজিবি টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। বিজিবির মূল লক্ষ্য হলো জ্বালানি ডিপোসমূহের নিরাপত্তা নিশ্চিত করা এবং ডিপো থেকে ফিলিং স্টেশনগুলোতে তেলের স্বাভাবিক সরবরাহ বজায় রাখা।
লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান আরও জানান, যশোর রিজিয়নের আওতাধীন সাতটি ব্যাটালিয়নের মাধ্যমে ১৯২টি বিশেষ তল্লাশি অভিযান, ২৯টি সীমান্তবর্তী তেল পাম্প পর্যবেক্ষণ এবং সন্দেহজনক রুটে ১ হাজার ৯৩৬টি মোবাইল টহল পরিচালনা করা হচ্ছে। এছাড়া সীমান্তবর্তী চোরাচালান রুটে ১ হাজার ১৩১টি চেকপোস্ট ও স্থানীয়দের সাথে ৯৪৬টি মতবিনিময় সভা করা হয়েছে। বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে ৯৭টি যৌথ তল্লাশি কার্যক্রমও চলমান রয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নৌপথে তেল পাচার রোধে স্পিডবোটের মাধ্যমে নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী বর্তমানে দেশের ৯টি জেলার ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েন রয়েছে।
জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখতে এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় কোনো প্রকার গুজবে বিভ্রান্ত না হয়ে সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনক কার্যক্রম দেখলে তাৎক্ষণিক বিজিবিকে অবহিত করার জন্য জনসাধারণের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন কমান্ডিং অফিসার লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।