ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
২৪ ঘণ্টা অপারেশন সেবা চালু, হাসপাতালের বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন, শূন্য পদে চিকিৎসক নিয়োগের উদ্যোগ এবং প্রয়োজনীয় জনবল বৃদ্ধিসহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে ঝিকরগাছা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভায়।আজ রোববার (৫ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদের সভাপতিত্বে সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, যশোর জেলা জামায়াতে ইসলামীর সূরা ও কর্মপরিষদ সদস্য এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুর রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. হাসান আরিফুর রহমান, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় জানানো হয়, হাসপাতালে বর্তমানে ৭০ জনের বেশি রোগী ভর্তি রয়েছেন। নিরাপত্তা জোরদারে ১০ জন আনসার সদস্যের বিপরীতে বর্তমানে ৭ জন দায়িত্ব পালন করছেন। আগামী সভার আগেই বাকি আনসার সদস্য নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া পরিচ্ছন্নতাকর্মীসহ প্রয়োজনীয় সর্বমোট ১৫ জন কর্মীর নিয়োগ প্রদানের ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্যোগ নেওয়া হবে।
সভায় চলতি সপ্তাহ থেকেই হাসপাতালে ২৪ ঘণ্টা সব ধরনের অপারেশন সেবা চালুর সিদ্ধান্ত হয়। পাশাপাশি শূন্য পদে চিকিৎসক নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। হাসপাতালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ভবনের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। এছাড়া হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও কমিউনিটি সাপোর্ট কমিটি গঠন, রাত্রীকালীন সময়ে ওষুধের দোকান খোলা রাখা, এমআর ক্যাম্পেইন পরিচালনা, হাসপাতাল ভবনের রক্ষণাবেক্ষণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার বিষয়েও সভায় গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়।
সভায় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ হাসপাতালের জন্য একটি টিউবওয়েল দেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, হাসপাতালের ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে তিনি চিকিৎসাসবার বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন। রোগীরা জানিয়েছেন, চিকিৎসকরা দিনে অন্তত চারবার তাদের খোঁজখবর নিচ্ছেন। চিকিৎসক ও কর্মচারীদের সময়মতো কর্মস্থলে উপস্থিত থাকার বিষয়েও তিনি সন্তোষ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, কমিউনিটি সাপোর্ট কমিটি, হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্থানীয় জনগণ একসঙ্গে কাজ করলে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরও অনেক এগিয়ে যাবে।