এম জামান
প্রতিদিন গ্রাম-গঞ্জের বাড়ি বাড়ি গিয়ে কাঙ্ক্ষিত চিঠি পৌছে দেন ডাকপিয়নরা ছবি: ধ্রুব নিউজ
ডিজিটাল যুগে বদলে গেছে যোগাযোগব্যবস্থা। আধুনিকতার ছোঁয়ায় পরিবর্তন এসেছে সরকারি-বেসরকারি প্রায় সব প্রতিষ্ঠানে। বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, পাল্টেছে মানুষের জীবনযাত্রা। কিন্তু পরিবর্তন আসেনি গ্রামীণ ডাক বিভাগের কর্মচারী ও পিয়নদের বেতন-ভাতায়। ব্রিটিশ আমলের নিয়মে নিয়োগ পাওয়া এসব কর্মী এখনো নামমাত্র পারিশ্রমিকে দায়িত্ব পালন করছেন। দৈনিক হাজিরা মাত্র ১৪৮ টাকা। কেউ মাসে পাচ্ছেন চার হাজার ৩৪৪ টাকা। এই সামান্য অর্থে সংসার চালাতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন তারা।
বেতন বৃদ্ধির দাবিতে মানববন্ধনসহ সরকারের বিভিন্ন দপ্তরে একাধিকবার আবেদন করেও কার্যকর কোনো পদক্ষেপ পাননি বলে অভিযোগ কর্মচারীদের।
সরকারি নিয়ম অনুযায়ী সপ্তাহে পাঁচ দিন দায়িত্ব পালন করেন তারা। প্রতিদিন সকালে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন গ্রামের পথে। রোদ-বৃষ্টি উপেক্ষা করে এক গ্রাম থেকে অন্য গ্রামে ছুটে বেড়ান। বাড়ি বাড়ি গিয়ে চিঠি পৌঁছে দেন। সাইকেলের বেল বাজিয়ে ডাক দেন—‘চিঠি আছে, আপনাদের!’ এভাবেই বছরের পর বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন তারা। আদালতের মামলার নোটিশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ চিঠিও পৌঁছে দেন প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে।
কর্মচারীদের ভাষ্য, সময়ের সঙ্গে সবকিছুর পরিবর্তন হলেও তাদের কর্মপরিবেশ ও পারিশ্রমিকে তেমন কোনো পরিবর্তন আসেনি। অথচ বর্তমান বাজারদরে এই সামান্য অর্থে পরিবার নিয়ে বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে।
যশোর ডাক বিভাগ সূত্রে জানা গেছে, জেলাকে পূর্ব ও পশ্চিম-দুটি অঞ্চলে ভাগ করে পরিচালিত হচ্ছে গ্রামীণ ডাক বিভাগের কার্যক্রম। এ দুই অঞ্চলে মোট ডাকঘরের শাখা রয়েছে ১৬৬টি। এসব ডাকঘরে কর্মরত রয়েছেন ৪০৬ জন কর্মচারী। প্রতিদিন নিয়মিত দায়িত্ব পালন করে গ্রামের বাড়ি বাড়ি চিঠি বিতরণ করছেন তারা।

লেবুতলা ইউনিয়নের ডাক বিভাগের কর্মচারী নজরুল ইসলাম জানান, ‘১৯৯৫ সাল থেকে পোস্ট অফিসে কাজ করছি। প্রতিদিন হাজিরা বাবদ পাই মাত্র ১৪৮ টাকা। এত অল্প টাকায় সংসার চালানো খুবই কঠিন। অনেকে মনে করেন, ডাক বিভাগের কাজ হয়তো কমে গেছে। কিন্তু বাস্তবে এখনো ডাক বিভাগের মাধ্যমে গুরুত্বপূর্ণ চিঠিপত্র আদান-প্রদান হয়। আদালতের মামলার নোটিশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ চিঠি আমরা গ্রামাঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিই। রোদ-বৃষ্টিতে ভিজে সেই আগের মতোই সাইকেলের বেল বাজিয়ে চিঠি বিতরণ করি। প্রতিদিন প্রায় দুই থেকে তিনশ চিঠি বিতরণ করতে হয়। অথচ এই টাকা দিয়ে ডাল-ভাত খেয়েও চলা কঠিন। সরকারের কাছে আমাদের দাবি, আমাদের বেতন বৃদ্ধি করা হোক।’
নাটুয়াপাড়া ডাকঘরের কর্মচারী সিরাজুল ইসলাম জানান, ‘১৯৯৬ সালে এই পোস্ট অফিসে নিয়োগ পেয়েছি। কিন্তু দীর্ঘ সময়েও আমাদের বেতন তেমন বাড়েনি। এখনো মাত্র চার হাজার ৩৪৪ টাকা পারিশ্রমিকে কাজ করে যাচ্ছি। বর্তমান বাজারদরে এই টাকা দিয়ে পরিবার নিয়ে কোনোভাবেই চলা সম্ভব নয়। দীর্ঘদিন ধরে কাজ করেও আমাদের জীবনযাত্রার কোনো পরিবর্তন হয়নি।’
পিয়ন আলাউদ্দিন জানান, ‘প্রতি মাসে প্রায় ২০০ থেকে ২৫০টি চিঠি বিতরণ করি। সাইকেলে করে ১৫টি গ্রামের বাড়ি বাড়ি যেতে হয়। বর্তমানে আমি খুবই অসুস্থ। প্রতি মাসে ওষুধের পেছনেই চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হয়। পাঁচ সদস্যের পরিবার নিয়ে অত্যন্ত কষ্টে দিন কাটছে। সরকার যদি আমাদের দিকে একটু নজর দিত, তাহলে পরিবার নিয়ে কিছুটা ভালোভাবে বেঁচে থাকতে পারতাম। বেতন বৃদ্ধি না হলে আমাদের পক্ষে চলা অসম্ভব।’
যশোর ডাক বিভাগের পোস্টমাস্টার সুপার আশরাফুল আলম বলেন, ‘যশোর জেলাকে পূর্ব ও পশ্চিমাঞ্চল—দুটি অংশে ভাগ করা হয়েছে। এ দুই অঞ্চলে মোট ১৬৬টি ডাকঘরের শাখায় কর্মরত আছেন ৪০৬ জন কর্মচারী। এসব কর্মচারীকে চার হাজার টাকা বা তার কিছু বেশি পারিশ্রমিক দেওয়া হয়। তাদের ব্রিটিশ আমলের নিয়মে নিয়োগপত্র দেওয়া হয়েছে। সেখানে আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিদের নিয়োগ দেওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে। তবে বর্তমানে ডাক বিভাগের কার্যক্রম কমেনি, বরং বেড়েছে। ডিজিটাল যুগেও চিঠি ও যোগাযোগের ক্ষেত্রে ডাক বিভাগের গুরুত্ব রয়েছে। সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবর মাসে ডাক বিভাগের কাজ প্রায় দ্বিগুণ বেড়েছে। সুতরাং ডাক বিভাগের কার্যক্রম দিন দিন বাড়ছে।’
একদিকে দায়িত্বের চাপ, অন্যদিকে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি—সব মিলিয়ে মানবেতর জীবন কাটছে গ্রামীণ ডাক বিভাগের কর্মচারীদের। বছরের পর বছর ধরে মানুষের দোরগোড়ায় চিঠি পৌঁছে দিলেও নিজেদের পরিবারের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে পারছেন না তারা। তাই দ্রুত বেতন-ভাতা পুনর্নির্ধারণ করে সম্মানজনক জীবনযাপনের সুযোগ সৃষ্টির জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী কর্মচারীরা।