Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর আদালতে ফিরেছে গতি, কমছে বিচারাধীন মামলার সংখ্যা

মুর্শিদুল আজিম হিরু মুর্শিদুল আজিম হিরু
প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ১২:২০ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৪:৪২ পিএম
যশোর আদালতে ফিরেছে গতি, কমছে বিচারাধীন মামলার সংখ্যা

ছবি: ধ্রুব নিউজ

বিচারিক কার্যক্রমে গতি ফেরায় যশোরের আদালতগুলোতে দ্রুত কমছে বিচারাধীন মামলার সংখ্যা। চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ১৪ হাজার ২৮৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। নতুন মামলা দায়েরের তুলনায় নিষ্পত্তির সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় কাটতে শুরু করেছে দীর্ঘদিনের মামলা জট—যেখানে কেবল দেওয়ানি ও দায়রা আদালতেই বর্তমানে মোট ৪১ হাজার ৩০৮টি মামলা বিচারাধীন রয়েছে এবং দেওয়ানি মামলা নিষ্পত্তির হার পৌঁছেছে ১৫৫ দশমিক ৪০ শতাংশে।

১৪ নভেম্বর যশোর জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত ‘বিচার বিভাগীয় সম্মেলন-২০২৬’-এ তথ্যচিত্র উপস্থাপন করা হয়।  

সম্মেলনে উপস্থাপিত জেলা ও দায়রা জজ আদালত এবং জেলা লিগ্যাল এইড অফিসের তথ্যে জানানো হয়, ২০২৫ সালে যশোরে দেওয়ানি মামলা দায়ের হয়েছিল ৭ হাজার ৩৫১টি এবং নিষ্পত্তি হয়েছিল ৬ হাজার ১০৭টি, যেখানে নিষ্পত্তির হার ছিল ৮৩ দশমিক ০৮ শতাংশ। কিন্তু চলতি ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে নতুন মামলা দায়ের হয়েছে ৪ হাজার ৩৯০টি, বিপরীতে নিষ্পত্তি হয়েছে ৬ হাজার ৮২২টি। দায়েরের চেয়ে ২ হাজার ৪৩২টি বেশি মামলা নিষ্পত্তি হওয়ায় বিচারাধীন দেওয়ানি মামলার সংখ্যা ৩২ হাজার ৪৫৩টি থেকে কমে ৩০ হাজার ২১টিতে নেমে এসেছে।

সম্মেলনে ‘পানির ট্যাংকের’ উপমা টেনে বলা হয়, বিচারাধীন মামলার সংখ্যা মানেই মামলা জট নয়। ট্যাংকে যেমন একদিকে পানি ঢোকে এবং অন্যদিকে বের হয়, তেমনি আদালতেও নিয়মিত নতুন মামলা আসছে ও পুরোনো মামলা নিষ্পত্তি হচ্ছে। নিষ্পত্তির হার বেশি হওয়ায় ট্যাংকের স্তর নিচে নামছে, যা বিচার বিভাগ পুরোপুরি সচল থাকার প্রমাণ।

বিচারিক সাফল্যের অন্যান্য ক্ষেত্রের তথ্যে জানানো হয়, জেলা লিগ্যাল এইড অফিসে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিকল্প বিরোধ নিষ্পত্তি বা মেডিয়েশনের আবেদন পড়েছে ২ হাজার ৮৮২টি। এর মধ্যে ২৫০টি বিরোধের সফল মীমাংসা হয়েছে—যার মধ্যে দেওয়ানি ২৬টি, ফৌজদারি ৭৪টি এবং পারিবারিক বিরোধ রয়েছে ১৫০টি। এডিআর ও মধ্যস্থতার মাধ্যমে আদায় হয়েছে ৫৯ লাখ ৬৫ হাজার ১ টাকা।

একই সময়ে যশোরের চারটি পারিবারিক আদালত ৩১২টি মামলা নিষ্পত্তি করেছে এবং ভরণপোষণ ও দেনমোহর বাবদ ৩ কোটি ৭৯ হাজার ৮৮৩ টাকা আদায় করেছে। এ ছাড়া অর্থঋণ আদালতগুলোর জারি মামলায় ২০২৫ সাল থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত আদায় হয়েছে ১৬০ কোটি ৭৩ লাখ ৫১ হাজার ৩২৬ টাকা। পাশাপাশি জেলা জজশিপে অক্টোবর পর্যন্ত কোর্ট ফি আদায় হয়েছে ১ কোটি ৯২ লাখ ৮৭ হাজার ৩৪৩ টাকা।

 অতিরিক্ত জেলা ও যুগ্ম জেলা জজ আদালতগুলোর তথ্যে জানানো হয়, ২০২৫ সালে ফৌজদারি মামলা দায়ের হয়েছিল ৮ হাজার ৬৬০টি এবং নিষ্পত্তি হয়েছিল ৯ হাজার ৬৮৭টি। ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দায়ের হয়েছে ৫ হাজার ৭টি মামলা; এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ২ হাজার ৭৭০টি এবং ৪ হাজার ৮১৪টি মামলা বদলি হয়েছে। ২০২৫ সালের জানুয়ারির শুরুতে বিচারাধীন ফৌজদারি মামলা ছিল ১৮ হাজার ৫৪৪টি, যা ২০২৬ সালের সেপ্টেম্বরে কমে ১১ হাজার ২৮৭টিতে দাঁড়িয়েছে।

সাজার পরিসংখ্যানে দেখা যায়, ২০২৫ সালে নিষ্পত্তিকৃত মামলায় ৬২৫টিতে সাজা হয়; এর মধ্যে ১টি মৃত্যুদণ্ড এবং ২০টি যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ছিল। ২০২৬ সালের প্রথম নয় মাসে ৪০০টি মামলায় সাজা এবং ২৬টিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, তবে কোনো মৃত্যুদণ্ডের আদেশ হয়নি। বিশেষ করে মাদক মামলায় ২০২৫ সালে ৫৮টি সাজা ও ১৯টি যাবজ্জীবন কারাদণ্ড হলেও ২০২৬ সালের নয় মাসেই ১০৭টি সাজা ও ২৮টি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, যা গত পূর্ণ বছরের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

সম্মেলনে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তথ্যচিত্রে জানানো হয়, ২০২৫ সালে এই আদালতে ৭৬৫টি মামলায় সাজা হয়েছিল। কিন্তু চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবরেই সাজার সংখ্যা দাঁড়িয়েছে ৮৬৩টিতে, যা গত বছরের পূর্ণ বছরের রেকর্ড ভেঙেছে। বিশেষভাবে তুলে ধরা হয় সংক্ষিপ্ত বিচার বা সামারি ট্রায়ালের সাফল্য। ৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত থানাভিত্তিক ১৯৯টি সামারি ট্রায়াল মামলার মধ্যে ১৭৯টিতে সাজা, ১০টিতে প্রবেশন এবং ৮টিতে খালাস দেওয়া হয়েছে; বাকি ২টি মামলা নিয়মিত মামলায় রূপান্তরিত হয়েছে। এ ছাড়া জুডিসিয়াল মুন্সীখানায় ২০২৫ সালে কোর্ট ফি আদায় হয়েছিল ২০ লাখ ৩৫ হাজার ৯৭৩ টাকা এবং ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত আদায় হয়েছে ১৭ লাখ ৬১ হাজার ২৮৯ টাকা।

মামলা দ্রুত নিষ্পত্তির পথে প্রধান প্রতিবন্ধকতা হিসেবে দেওয়ানি মামলায় ত্রুটিপূর্ণ বা দীর্ঘ আরজি, অসম্পূর্ণ তফসিল, সমন জারি ও লিখিত জবাবে বিলম্ব, সরকারি নথি পেতে দেরি, যশোরে ‘ফার্স্ট হিয়ারিং’ কার্যকর না থাকা, ইস্যু গঠনে বিলম্ব, অযথা বারবার মুলতবি এবং আদালতভেদে কাজের চাপের অসমতাকে চিহ্নিত করা হয়।

এসব সমস্যা সমাধানে আরজি স্ক্রুটিনি, এসএমএস ও মেসেজিংয়ের মাধ্যমে দ্রুত সমন জারি, নির্দিষ্ট সময়ে জবাব দাখিল, মুলতবির সীমা কঠোরভাবে মেনে চলা এবং আদালতের বাইরে মধ্যস্থতার ওপর জোর দেওয়া হয়। বিশেষ প্রস্তাবনায় বলা হয়, ফার্স্ট হিয়ারিংয়ে উভয় পক্ষকে শুনে স্বীকৃতি-অস্বীকৃতি নোট করে ১৫ দিনের মধ্যে ইস্যু গঠন করতে হবে এবং মামলাটি নিষ্পত্তিযোগ্য হলে সেদিনই রায় দেওয়ার চর্চা চালু করতে হবে। অন্যদিকে ফৌজদারি মামলায় ওয়ারেন্ট তামিল ও নন-এক্সিকিউশন রিপোর্ট সময়মতো দাখিল, মেডিকেল সার্টিফিকেট, ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্ট যথাসময়ে পাঠানো, পুলিশ সাক্ষীর উপস্থিতি নিশ্চিত করা এবং আসামিকে নির্ধারিত সময়ে কারাগার বা হাজতখানা থেকে আদালতে হাজির করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্মেলনে সাম্প্রতিক আইনি সংস্কারের দিকগুলোও আলোচিত হয়। এর মধ্যে দেওয়ানি কার্যবিধি (সংশোধন) অধ্যাদেশে আরজি ও জবাব হলফনামায় প্রদান, সমন জারিতে এসএমএস ও মেসেজিং যুক্ত করা, মুলতবির সীমা সর্বোচ্চ ৬ বার নির্ধারণ এবং রায় কার্যকর করার ক্ষেত্রে নতুন বিধান যুক্ত হওয়ার বিষয়টি উঠে আসে। এ ছাড়া আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশের আওতায় ২০২৬ সাল থেকে যশোরসহ দেশের ১৬টি জেলায় নির্দিষ্ট কিছু বিষয়ে মামলা দায়েরের আগে বাধ্যতামূলক ‘প্রি-কেস মেডিয়েশন’ চালুর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি রেজিস্ট্রেশন আইনে ই-রেজিস্ট্রেশন এবং সম্পত্তি হস্তান্তর আইনে আজীবন ভোগাধিকার রেখে দানের বিধান যুক্ত হওয়ার বিষয়টিও তুলে ধরা হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)