Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

তিন মাসে ১৫ বাংলাদেশি নারীর সঙ্গে বিয়ের নাটক চীনা নাগরিকের

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০৯:১৫ পিএম
তিন মাসে ১৫ বাংলাদেশি নারীর সঙ্গে বিয়ের নাটক চীনা নাগরিকের

ছবি: সংগৃহীত

‘কেঁচো খুঁড়তে সাপ’ বেরিয়ে আসছে এবার। টিকটকে পরিচয়ের পর মানিকগঞ্জের এক স্কুলছাত্রীকে ঢাকায় এনে আটকে রেখে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সেই চীনা নাগরিকের বিষয়ে আরও ভয়াবহ তথ্য পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে গত তিন মাসে অন্তত ১৫ নারীর সঙ্গে প্রতারণামূলক সম্পর্ক স্থাপন করেছেন চেন ইয়ং (৪১)।

প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানায়, টিকটকের মাধ্যমে বিভিন্ন কিশোরী ও অবিবাহিত নারীর সঙ্গে পরিচিত হতেন তিনি। এরপর ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রস্তাব দিতেন। পরে স্ট্যাম্পে বিয়ের ভুয়া কাগজপত্র তৈরি করে নারীদের বিশ্বাস অর্জন করতেন। এরপর তাদের ঢাকার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় নিয়ে আটকে রেখে ধর্ষণ করতেন বলে অভিযোগ রয়েছে। তবে এসব বিয়ের প্রকৃত অবস্থা ও অভিযোগের বিস্তারিত যাচাই চলছে।

গত মঙ্গলবার রাতে চেন ইয়ংয়ের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন বয়সী নারী মানিকগঞ্জ সদর থানায় উপস্থিত হন। তাদের মধ্যে সাভারের এক নারীও ছিলেন। তিনি চেন ইয়ংকে নিজের স্বামী বলে দাবি করেন।

মানিকগঞ্জ সদর থানার সাব-ইন্সপেক্টর শহিদুল ইসলাম বলেন, ‘প্রাথমিক অনুসন্ধান ও তাঁর ব্যবহৃত মুঠোফোনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে চেন ইয়ংয়ের সঙ্গে অন্তত ১৫ জন নারীর এ ধরনের ঘটনার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তবে এসব সম্পর্কের প্রকৃত ধরন, বিয়ের সংখ্যা এবং অন্য কোনো নারী তার দ্বারা ধর্ষণ বা নির্যাতনের শিকার হয়েছেন কি না, তা অধিকতর তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তাধীন বিষয় এর চেয়ে বেশি বলা সম্ভব নয়।’

শহিদুল ইসলাম আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চেন ইয়ং বলেছেন, বাংলাদেশে ব্যবসায়িক যোগাযোগ ও সম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যে তিনি এসেছেন। ভবিষ্যতে চীনে ব্যবসা পরিচালনার পরিকল্পনা ছিল তার। চীনে তিনি একটি ছোট অটোগ্যারেজের মালিক ছিলেন। পাশাপাশি গাড়িচালক হিসেবেও কাজ করতেন।

এসআই শহিদুল বলেন, ‘ভ্রমণ ভিসায় ১২ আগস্ট বাংলাদেশে আসার পর স্থানীয় কোনো নাগরিকের সঙ্গে তাঁর আর্থিক লেনদেন বা ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠেছিল কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না এবং আরও কোনো নারী তাঁর দ্বারা প্রতারণা বা নির্যাতনের শিকার হয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সংস্থাকে জানানো হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোও বিভিন্ন দিক থেকে তদন্ত করছে।’

উল্লেখ্য, মানিকগঞ্জ সদর উপজেলার এক স্কুলছাত্রীর সঙ্গে টিকটকে পরিচয়ের পর বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ঢাকায় নিয়ে একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগে মঙ্গলবার ঢাকার উত্তরার একটি বাসা থেকে চেন ইয়ংকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় ওই শিক্ষার্থী। পরদিন শিক্ষার্থীর বাবা মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর শিক্ষার্থীকে উদ্ধারে তদন্ত শুরু করে পুলিশ।

গত মঙ্গলবার রাতে নিখোঁজ শিক্ষার্থী মুঠোফোনে তার বড় বোনকে জানায়, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়েছিল। একপর্যায়ে বিয়ের প্রলোভনসহ বিভিন্ন কথা বলে তাকে মানিকগঞ্জের একটি রেস্তোরাঁয় নেওয়া হয়। এরপর সেখান থেকে তাকে ঢাকায় নিয়ে একটি বাসায় আটকে রাখা হয়। ওই বাসায় তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করে সে।

বড় বোনের দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসার অবস্থান শনাক্ত করে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ। পরে সেখানে অভিযান চালিয়ে শিক্ষার্থীকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেপ্তার করে। অভিযানের সময় চেন ইয়ংয়ের কাছ থেকে একটি চীনা পাসপোর্ট, দুটি মুঠোফোনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জুলুস খান পাঠান বলেন, ‘শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি হওয়ার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করে। পরে তার বড় বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার উত্তরা থেকে শিক্ষার্থীকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়।’

গতকাল বুধবার বিকেলে চেন ইয়ংকে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দোলন বিশ্বাস তাঁকে মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)