তহীদ মনি
ছবি: এআই গ্রাফিক্স
ব্রিজ, কালভার্ট তো দূরের কথা, ছোট একটি ড্রেনও রাখা হয়নি। নদীর ওপর আড়াআড়িভাবে পাকা রাস্তা নির্মাণ করে কেটে ফেলা হয়েছে মূল প্রবাহ। এভাবেই যুগের পর যুগ পেরিয়ে গেছে। ইতোমধ্যে নদীর একপাশে পাটা বাঁধ দিয়ে সরকারিভাবেই চলছে মাছ চাষ, টানানো হয়েছে ‘কাটাখাল’ মৎস্য চাষ প্রকল্পের বড় ব্যানার। অথচ ‘কাটাখাল’ রূপ পাওয়া এই নদীটি মূলত যশোর সদরের বসুন্দিয়া পর্যন্ত জোয়ারভাটা সচল থাকা ভৈরব নদেরই একটি ধারা, যা ইংরেজি ‘ইউ’ আকৃতিতে ঘুরে আবার ভৈরবেই মিশেছে। এই ইউ-লুপের মাঝের ভূখণ্ডটি একটি জনবহুল গ্রাম, যার নাম জঙ্গলবাঁধাল। এই গ্রামে যাতায়াতের জন্যই নদী আড়াআড়ি ভরাট করে তৈরি হয়েছে পাকা রাস্তা। গুগল ম্যাপের সাম্প্রতিক চিত্রে দেখা যায়, ভৈরব নদের একটি ধারা যশোর সদরের ঘুনি এলাকা থেকে বাঁক নিয়ে বসুন্দিয়া মোড় ঘুরে আবার বসুন্দিয়া বাজারের ঠিক পশ্চিমপাশে এসে মূলপ্রবাহে মিশেছে। এই পুরো অংশটির ভেতরেই জঙ্গলবাঁধাল গ্রামের অবস্থান। ঘুনি থেকে বসুন্দিয়া মোড় পর্যন্ত এই ইউ-লুপটির দৈর্ঘ্য প্রায় সাড়ে ছয় কিলোমিটার। নদের দুই পাড়েই রয়েছে ব্যক্তিমালিকানাধীন বড় বড় পুকুর। এছাড়াও নদটির প্রশস্ততা স্থানভেদে কোথাও ৮০ থেকে ১৩০ মিটার পর্যন্ত বিস্তৃত। ইউ-লুপটির মধ্যম অংশ বরাবর তৈরি করা হয়েছে পাকা রাস্তা, যার ঠিক প্রান্ত ঘেঁষেই রয়েছে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ সিঙ্গিয়া রেলস্টেশন। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পাকিস্তান আমলেই নদটিতে আড়াআড়ি বাঁধ দেওয়া হয়েছিল, যা সময়ের বিবর্তনে পাকা রাস্তায় পরিণত হয়েছে। পাকা রাস্তার পূর্ব অংশকে স্থানীয়রা আর নদী বলে ডাকে না, ওটা এখন ‘কাটাখাল’ নামে পরিচিত। আর পশ্চিম অংশকে শিশু থেকে বৃদ্ধ সবাই ভৈরব নদ হিসেবেই চেনে। বসুন্দিয়া মোড় ও সিঙ্গিয়া স্টেশনের মাঝামাঝি ভৈরব নদের এই বাঁক বা লুপটি মূলত নদীপথ ও রেলপথকে (এবং পরবর্তীতে যশোর-খুলনা মহাসড়ককে) একটি বিন্দুতে মিলিত করেছিল, যেটা এক সময় বাণিজ্যিক যোগাযোগ সহায়ক ছিল। ইতিহাস ঘেঁটে জানা যায়, ১৮৮৪ সালে বেঙ্গল সেন্ট্রাল রেলওয়ে কলকাতা-বনগাঁ-যশোর-খুলনা রেলপথ চালু করে। পরবর্তীতে ১৯০৪ সালে এটি ‘ইস্টার্ন বেঙ্গল স্টেট রেলওয়ে’-র সাথে একীভূত হলে সিঙ্গিয়া ও নওয়াপাড়া স্টেশনের পণ্য পরিবহন অবকাঠামো ও ইয়ার্ড ব্যাপকভাবে সম্প্রসারণ করা হয়। ব্রিটিশ রেলওয়ে নথিপত্র এবং ১৯১২ সালে প্রকাশিত এল.এস.এস. ও'ম্যালীর ‘বেঙ্গল ডিস্ট্রিক্ট গেজেটিয়ার্স: যশোর’ অনুযায়ী, উনিশশতকের শেষভাগে যশোর শহরের কাছে ভৈরব নদ নাব্যতামূলক হারাতে শুরু করলে বড় নৌকা বা বজরা শহর পর্যন্ত যেতে পারত না। কিন্তু বসুন্দিয়া ও জঙ্গলবাঁধাল লুপ পর্যন্ত ভৈরব নদ সারাবছর নাব্য থাকত। ঠিক এই ভৌগোলিক সুবিধার কারণেই লুপের মাঝবরাবর নদের একদম গা ঘেঁষে সিঙ্গিয়া স্টেশনটি নির্মাণ করা হয়েছিল এবং পণ্যবাহী ওয়াগন দাঁড় করানোর জন্য স্টেশন ইয়ার্ডটি সাধারণ স্টেশনের চেয়ে অনেক বড় করে তৈরি করা হয়েছিল। প্রখ্যাত ইতিহাসবিদ সতীশচন্দ্র মিত্রের ‘যশোর-খুলনার ইতিহাস’ গ্রন্থেও ভৈরব নদের এই বাণিজ্যিক গুরুত্বের বিবরণ পাওয়া যায়। ঊনবিংশ শতাব্দীর শেষভাগ থেকে বিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত যশোরের বাঘারপাড়া, নড়াইল, মাগুরা এবং অভয়নগরের একাংশের উৎপাদিত পাট, ধান, চাল, নারকেল এবং কাঠাল বড় বড় মহাজনী নৌকায় ভৈরব নদ বেয়ে এসে সিঙ্গিয়া স্টেশন সংলগ্ন ঘাটে ভিড়ত। জঙ্গলবাঁধালের এই ইউ-লুপটিতে স্রোতের তীব্রতা মূল নদীর চেয়ে কিছুটা নিয়ন্ত্রিত থাকায় এবং পাড়ের সাথে গভীরতা বেশি থাকায় এটি ছিল আদর্শ নৌ-ঘাট। নৌকা থেকে কুলিদের মাধ্যমে সরাসরি পণ্য স্টেশনের বিশাল গুদাম ও মালগাড়ির ওয়াগনে তোলা হতো, যা সরাসরি কলকাতার শিয়ালদহ ও খিদিরপুর ডকে চলে যেত। কাজী শওকত শাহীর লেখা ‘যশোরের ইতিবৃত্ত’ বইতে উল্লেখ রয়েছে, সিঙ্গিয়া, বসুন্দিয়া ও রূপদিয়া অঞ্চলে ব্রিটিশ আমলে একাধিক প্রভাবশালী নীলকুঠি ও রেশমকুঠি ছিল। নীলচাষ বিলুপ্ত হওয়ার পর ওই একই নদী ও রেলপথের অবকাঠামো ব্যবহার করে স্থানীয় মাড়োয়ারি ও বাঙালি মহাজনরা পাট ও শস্যের আড়ত গড়ে তোলেন। সিঙ্গিয়া স্টেশনের বিশাল চত্বর এবং অতিরিক্ত রেললাইন মূলত এই মালবাহী ওয়াগন লোড-আনলোড এবং শান্টিং করার জন্যই তৈরি করা হয়েছিল। জনশ্রুতি আছে, নড়াইলের জমিদাররা নৌকাযোগে সিঙ্গিয়ার এই ঘাটে আসতেন এবং সেখান থেকে রেলযোগে কলকাতা যেতেন। যদিও নড়াইলের চিত্রানদী থেকে ভৈরব এসে পথটি সরল নয়, তবুও নদী ও রেল—এই দুই মাধ্যমের সংযোগে এই লুপটি যে অত্যন্ত কার্যকরী ছিল, তার ঐতিহাসিক প্রমাণ রয়েছে। অর্থাৎ, সিঙ্গিয়া স্টেশনের আকার বড় হওয়ার মূল কারণই ছিল এটি যাত্রীবাহী স্টেশনের চেয়ে মালবাহী ও নদী-রেল সংযোগকারী স্টেশন হিসেবে ব্যবহার করা। জঙ্গলবাঁধাল লুপের ভৈরব নদ ছিল এই স্টেশনের প্রধান 'ফিডার ওয়াটারওয়ে', যার মাধ্যমে দূর-দূরান্তের নৌপথের পণ্য এসে সরাসরি রেলের ওয়াগনে উঠত। ১৯১৯ সালে জঙ্গলবাঁধাল গ্রামে স্থাপিত হয় মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের শিক্ষক ছিলেন বসুন্দিয়া এলাকার আব্দুল হাকিম। তার সন্তান আব্দুল হান্নান বাবার সাথে ওই স্কুলেই যেতেন। আব্দুল হান্নানের বয়স এখন ৬৫ বছর। তার ভাষায়, তিনি যখন বাবার সাথে ওই স্কুলে যেতেন তখন নদের ওপর বাঁধ ছিল। জোয়ার এসে ওই বাঁধে ধাক্কা খেত। তিনি বড় বড় ঢেউ আছড়ে পড়তে দেখেছেন। তিনি বাঁধের ওপর দিয়ে হেঁটে স্কুলে যেতেন। তবে নদীর পাড়ে রেল স্টেশন ঘিরে এক সময় বড় বড় গুদাম দেখেছেন তিনি। জঙ্গলবাঁধাল গ্রামের বাসিন্দা কামাল উদ্দিন জানান, নদটি পাকিস্তান সরকারই হত্যা করে গেছে। এটা নিয়ে কেউ কখনো ভাবেনি। বসুন্দিয়া মাদ্রাসার শিক্ষক ও জঙ্গলবাঁধাল গ্রামের বাসিন্দা আবু বকর জানান, তাদের গ্রামটি নদী ঘেরা একটি দ্বীপের মত। গ্রামে প্রবেশের এই রাস্তায় একটি ব্রিজ থাকলে নদীটি সজীব থাকত। এখনো বর্ষাকালে নদটি যৌবন ফিরে পায়। মাঝে স্রোতের দেখা মেলে। তবে আড়াআড়ি রাস্তা হওয়ায় সেটা উপলব্ধি করা যায় না। স্থানীয় আরো কয়েকজন জানান, দীর্ঘদিন নদের প্রশস্ততা মূল প্রবাহমান নদের মত ছিল। কিন্তু দুই পাশ থেকে ব্যক্তিগত পুকুরে নদের জায়গা দখল হয়ে আকার ছোট হয়ে যাচ্ছে। কোন এক সময় বাঁধের পূর্বাংশ খনন করা হয়েছিল। সেই থেকে ওই অংশকে কাটাখাল বলে ডাকা হয়।
এ বিষয়ে সদরের সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রিপন কুমার ঘোষ জানান, উপজেলা মৎস্য বিভাগ ২০২৪-২৫ অর্থ বছরে মাছ চাষে লিজ দিয়েছিল। বর্তমানে কোন কার্যক্রম নেই। মৎস্য বিভাগ কোন বাঁধ দেয়নি। যা আছে সেটা আগের। তিনি জানান, দীর্ঘদিন ওখানে নদীর কোন প্রবাহ নেই। তবে নদীকে বাঁধ দিয়ে দুই ভাগ করে ফেলা তাদেরও কষ্ট দেয়। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন এবং বাঁধ দেওয়ায় কচুরিপানাসহ নানা প্রতিবন্ধকতা গড়ে ওঠায় বাধ্য হয়েই মাছ চাষের উপযোগী করা হয়েছিল।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুল মামুন জানান, নদীতে যদি নৌকা চলাচল করে অথবা নদীটি সজীব থাকে, তবে সেখানে মাছ চাষের জন্য মৎস্যজীবীদের বা কোনো সমবায় সমিতিকে তা দেওয়া যায় না।
এ বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি নদ হত্যার এই তথ্য প্রথম শুনলেন জানিয়ে বলেন, “এটি নিয়ে অবশ্যই ঊর্ধ্বতন মহলে চিঠি লিখব। এভাবে আড়াআড়িভাবে নদ বন্ধ করার অন্যায়”