ধ্রুব ডেস্ক
সরকারি উদ্যোগে ‘শূন্য অভিবাসন ব্যয়ে’ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
নিয়োগকর্তা বহন করছে অভিবাসন ব্যয়।
সরকারি উদ্যোগে ‘শূন্য অভিবাসন ব্যয়ে’ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বিকালে ঢাকার শাহজালাল বিমানবন্দরে সরকারপ্রধান এ কার্যক্রম উদ্বোধন করেন।
মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেছেন, “আল্লাহর কাছে দোয়া করি, আপনারা সুস্থ থাকুন। আপনারা সে দেশের সংস্কৃতি ও আইনকানুন মেনে চলবেন। সুনামের সঙ্গে কাজ করবেন, এই আশা করি।”
প্রধানমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে সরকার পদক্ষেপ নিচ্ছে। কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর বিষয়েও সরকার কাজ শুরু করবে।
প্রথম ফ্লাইটে মালয়েশিয়াগামী ১১২ জন কর্মীকে বিদায়ী শুভেচ্ছা জানান তারেক রহমান। বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান তিনি।
এসব কর্মী পাঠানোর মধ্য দিয়ে আড়াই বছর বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি শুরু হলো।
২০২২ সাল থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত মালয়েশিয়া প্রায় ৪ লাখ ৫০ হাজার বাংলাদেশি কর্মী নিয়েছিল। কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে নিয়োগ, অতিরিক্ত অভিবাসন ব্যয়, দুর্নীতি ও শ্রমিক শোষণের অভিযোগে ২০২৪ সালের জুন থেকে নিয়োগ বন্ধ হয়ে যায়।
রাষ্ট্রীয় মালিকানাধীন জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে কর্মীদের নির্বাচন করা হয়েছে।
নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে ১ হাজার ৭০০ রিঙ্গিত বেতনে কাজ করবেন। তাদের চুক্তির মেয়াদ তিন বছর, যা নবায়নযোগ্য। নিয়োগকর্তা তাদের আবাসন ও চিকিৎসা সুবিধাও দেবে। কর্মীদের অভিবাসনসংক্রান্ত সব ব্যয় বহন করছে নিয়োগকারী প্রতিষ্ঠান।
এ কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন বাংলাদেশি কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন, প্রতিমন্ত্রী নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান ও গিয়াস উদ্দিন রিমন।
ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক দেবর্ষি মজুমদার, মহাব্যবস্থাপক নভিন্দর মুরুগিয়া, অংশীদার সারাভানাকুমার কানেসান এবং মালয়েশিয়ার সেরাম্বি সুরিয়ার আঞ্চলিক নিয়োগ পরিচালক আবদুল জলিল অন্যদের মধ্যে ছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফর হিসেবে গত জুনে মালয়েশিয়া যান। সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি বাংলাদেশি কর্মীদের জন্য দ্রুত শ্রমবাজার খুলে দেওয়া এবং আরও বেশি কর্মী নিয়োগের আহ্বান জানান। বৈঠকে অভিবাসন ব্যয় কমানোর পাশাপাশি কর্মী নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে দুই প্রধানমন্ত্রী একমত হন।