নিজস্ব প্রতিবেদক
যশোরে সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে বড় সাফল্য পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। বুধবার রাতে যশোর সদর উপজেলার মধুগ্রাম এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে একটি অবৈধ ওয়ান শ্যুটারগানসহ কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী মারুফ হোসেনকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মারুফ হোসেন সদর উপজেলার মধুগ্রামের হারুন অর রশিদের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি চৌকস দল জানতে পারে যে, মধুগ্রাম এলাকায় এক অস্ত্রধারী সন্ত্রাসী নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে মারুফের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তাকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার হেফাজতে থাকা অস্ত্রের কথা স্বীকার করে। পরে তার দেখানো স্থান থেকে একটি ওয়ান শ্যুটারগান উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত মারুফের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক অভিযোগ রয়েছে। এ ঘটনায় অবৈধ অস্ত্র রাখার দায়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে উদ্ধারকৃত আলামতসহ আসামিকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।
এলাকাবাসীর মতে, মারুফের গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। র্যাব জানিয়েছে, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে তাদের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।