নিজস্ব প্রতিবেদক
যশোরে পরিত্যক্ত পিস্তল উদ্ধার ছবি: ধ্রুব নি-উজ
যশোর: পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সদরের চুড়ামনকাটি শানতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের নদীর পাড় থেকে এই দেশীয় পিস্তলটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে এটি উদ্ধার হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শানতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েল নষ্ট থাকায় কয়েকজন শিক্ষার্থী খেলাধুলার ফাঁকে নদীতে পা ধুতে যায়। এ সময় এক শিক্ষার্থীর পায়ে একটি ধাতব বস্তু লাগে। কাছে গিয়ে দেখতে পায় সেটি একটি পিস্তল। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা পিস্তলটি নিয়ে শিক্ষকের কাছে জমা দেয়। বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি কোতোয়ালি থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিস্তলটি উদ্ধার করে হেফাজতে নেয়।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত বস্তুটি দেখতে পিস্তলের মতো হলেও এটি সম্পূর্ণ কার্যকর আগ্নেয়াস্ত্র নাও হতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ এটি তৈরির চেষ্টা করেছিল। সম্পূর্ণভাবে প্রস্তুত না হওয়ায় সেটি নদীর পাড়ে ফেলে দিয়ে গেছে।