অভয়নগর (যশোর) প্রতিনিধি
সুন্দলী ও নোয়াপাড়ায় সম্প্রীতি ও উন্নয়নের অঙ্গীকার করলেন অধ্যাপক গোলাম রসুল ছবি: ধ্রুব নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনে ১১ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী অধ্যাপক গোলাম রসুল বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। অতীতের কোনো নাশকতার মামলা জামায়াত দেয়নি। আমরা প্রতিহিংসা ভুলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি সুখী-সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক দেশ গড়তে চাই।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ও সন্ধ্যায় অভয়নগর উপজেলার সুন্দলী এবং নওয়াপাড়া পৌরসভার দপ্তরিপাড়ায় আয়োজিত পৃথক দুটি নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুন্দলীতে সম্প্রীতির ডাক
বিকেলে অভয়নগরের সুন্দলী এলাকায় আয়োজিত পথসভায় অধ্যাপক গোলাম রসুল বলেন, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। এখানে সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে।
সুন্দলী ইউনিয়ন জামায়াতের সভাপতি জগদীশ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা জামায়াতের আমীর সরদার শরীফ হোসেন, এনসিপির উপজেলা সমন্বয়ক শাহাজাহান কবীর, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মান্নান, পৌর জামায়াতের আমীর মাওলানা আলতাফ হোসাইন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুল ইসলাম বাবুল। অনুষ্ঠানটি পরিচালনা করেন চিত্তরঞ্জন বিশ্বাস ও শিমুল বিশ্বাস।
নওয়াপাড়ায় উন্নয়নের অঙ্গীকার
সন্ধ্যায় নওয়াপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের দপ্তরিপাড়া কাউসার মোড়লের বাড়ির সামনে অপর এক পথসভায় অধ্যাপক গোলাম রসুল নওয়াপাড়া শহর নিয়ে তার পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচিত হলে দীর্ঘদিনের অভিশাপ ভবদহ সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। নওয়াপাড়া পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত, দূষণমুক্ত ও যানজটমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে আমরা প্রয়োজনীয় সকল উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করব।
৩নং ওয়ার্ড সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে এই পথসভাটি পরিচালনা করেন উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান। সভায় স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। উভয় সভায় অধ্যাপক গোলাম রসুল আগামী নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।