নিজস্ব প্রতিবেদক
আটক তরিকুল ইসলাম ছবি: ধ্রকি নিউজ
১৮৮ পিস ইয়াবাসহ তরিকুল ইসলাম (৩৪) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার দিবাগত রাতে যশোর বিমানবন্দর সড়কের একটি চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। আটক তরিকুল সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের আব্দুর রাশিদের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ৬টি মাদক মামলা রয়েছে।
যৌথবাহিনী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১২টার পর বিমানবন্দর সড়কের ইংলিশ স্কুলের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এসময় দ্রুতগতির একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেন দায়িত্বরত সদস্যরা। মোটরসাইকেল চালক তরিকুলের ব্যাগ তল্লাশি করে ১৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৮১৫ টাকা এবং ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, আটক তরিকুল এলাকার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। এ ঘটনায় এসআই চঞ্চল কুমার বিশ্বাস বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করেন। শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।