মণিরামপুর (যশোর) প্রতিনিধি
ছবি: ভিডিও থেকে নেওয়া
ত্রয়োদশ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০২৫ কঠোরভাবে পালন নিশ্চিত করতে মণিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার রোহিতা ইউনিয়নের ভান্ডারি মোড় এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে নির্বাচনী প্রতীকের সমর্থনে প্রচারণামূলক আলোকসজ্জা ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রতিনিধি আবু বকর সিদ্দিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডিত আবু বকর মণিরামপুর উপজেলার পলাশী গ্রামের বাসিন্দা।
আদালত সূত্রে জানা গেছে, আলোকসজ্জা ব্যবহারের মাধ্যমে নির্বাচনী আচরণবিধিমালা-২০২৫ এর ১৩(গ) ধারা লঙ্ঘন করা হয়েছে। এর প্রেক্ষিতে বিধিমালার ২৭(ক) ধারা অনুযায়ী এই অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকারী মণিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন বলেন, "নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে উপজেলা প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।" অভিযানে উপস্থিত জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস বলেন, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি প্রতিপালন করা সব প্রার্থীর জন্য বাধ্যতামূলক। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত এই তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
মণিরামপুর থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত এই অভিযানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিয়মিত বিরতিতে এমন তদারকি কার্যক্রম চলমান থাকবে।