শিল্প ও সংস্কৃতি ডেস্ক
জেলার সিনেমা থেকে রজনীকান্তের একটি স্থিরচিত্র ছবি: সংগৃহীত
দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের ‘জেলার’ বক্স অফিসে যে তাণ্ডব চালিয়েছিল, তা আজও সিনেমা প্রেমীদের মনে তাজা। সেই ব্লকবাস্টার সাফল্যের পর থেকেই রজনী-ভক্তরা চাতক পাখির মতো চেয়ে ছিলেন সিনেমাটির সিক্যুয়ালের দিকে। অবশেষে কাটল দীর্ঘ অপেক্ষার পালা। প্রকাশ্যে এল বহুল প্রতীক্ষিত ‘জেলার ২’-এর রোমাঞ্চকর ট্রেলার, আর তাতেই যেন নতুন করে উন্মাদনার ঢেউ উঠল রজনী-অনুরাগীদের মাঝে।
প্রায় পৌনে দুই বছর আগে এই সিক্যুয়ালের টিজার সামনে আসার পর থেকেই সিনেমাপ্রেমীদের কৌতূহল তুঙ্গে ছিল। প্রকাশিত ট্রেলারে কেবল রজনীকান্তই নন, বরং আলাদা করে নজর কেড়েছেন বলিউড ও টালিউডের শক্তিমান তারকা মিঠুন চক্রবর্তী এবং বিদ্যা বালন। সেই সঙ্গে দেখা মিলছে মালয়ালম মেগাস্টার মোহনলালেরও, যিনি এবারও অতিথি শিল্পী হিসেবে পর্দায় বিশেষ চমক নিয়ে আসছেন। আগামী ১৫ অক্টোবর বড় পর্দায় শুভমুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি, আর মুক্তির ঠিক ১০ দিন আগেই এর ট্রেলার এনে প্রপার হাইপ তৈরি করলেন নির্মাতারা।
রহস্য ও টানটান উত্তেজনায় ভরপুর এই ট্রেলারের শুরুতেই দেখা যায়—বিগত দুই মাস ধরে চলা এক তাণ্ডবলীলার নেপথ্য নায়ককে খুঁজে বের করার মরিয়া চেষ্টা। জানা যায়, সেই খলনায়কের আসল পরিচয় পাওয়া প্রায় অসম্ভব। ঠিক পরই সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরের রক্ত গরম করা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে রাজকীয় এন্ট্রি নেন রজনীকান্ত। বরাবরের মতোই তাকে পাওয়া গেছে ‘লার্জার দ্যন লাইফ’ অবতারে—কখনও স্টেনগান হাতে শত্রুপক্ষকে গুঁড়িয়ে দিচ্ছেন, আবার কখনও চিরচেনা স্টাইলে চোখের পলকেই থমথমে পরিবেশ তৈরি করছেন।
ট্রেলারে রজনীর একটি ডায়লগ বেশ নজর কেড়েছে। প্রতিপক্ষকে শান্ত গলায় চা কিংবা কফির অফার দিলেও সেই আতিথেয়তার আড়ালে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর হুঁশিয়ারি। খলনায়কদের পুরোনো ছক—যেমন গুপ্তচরবৃত্তি, চামচা পাঠানো, হুমকি দেওয়া কিংবা মনস্তাত্ত্বিক খেলাকে সোজা ‘সেকেলে’ বলে উড়িয়ে দিয়ে নিজের ইউনিক কৌশলের বার্তা দেন তিনি। তার সহজ কথা—সব শত্রুকে এক ছাদের নিচে আনো, তারপর বোমায় উড়িয়ে দাও!
ট্রেলার মুক্তির পরপরই সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনের ঝড় উঠেছে। ভক্তদের মতে, ‘জেলার ২’ কেবল একটি বাণিজ্যিক সিনেমা নয়, এটি রজনীকান্তের পাঁচ দশকের বর্ণাঢ্য রাজত্বের এক নতুন উদযাপন। অনেকেরই দাবি, তামিল সিনেমার ইতিহাসে প্রথম ১০০০ কোটি রুপি ক্লাবে প্রবেশ করতে চলেছে এই ছবি। বক্স অফিসের চূড়ান্ত ফল জানা যাবে আগামী ১৫ অক্টোবর, তবে ট্রেলার দেখে রজনী-ঝড়ের পূর্বাভাস কিন্তু এখনই স্পষ্ট!