নিজস্ব প্রতিবেদক
যশোর শহরে বোমা বিস্ফোরণ এবং দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে অবস্থানের ঘটনায় কোতয়ালী মডেল থানায় আলাদা তিনটি মামলা হয়েছে। এসব ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। তাদের কাছ থেকে একটি বার্মিজ চাকু, একটি এন্টিকাটার, একটি সেলাই রেঞ্চ ও একটি স্টিলের চাকু উদ্ধার করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে শহরের খড়কী হাজামপাড়া বিএনপি অফিসের সামনে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমার বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ওহিদুল ইসলাম সোহেল বাদী হয়ে লাদেন, সানি, সাকিব ও তৌফিকের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫–৩০ জনকে আসামি করে মামলা করেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আসামিদের শনাক্ত করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।
গত ৫ অক্টোবর রাতে চাঁচড়া এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মালেক ওরফে আকাশ ও স্বাধীনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে একটি স্টিলের তৈরি বার্মিজ চাকু, একটি এন্টিকাটার ও একটি সেলাই রেঞ্চ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
এদিকে ৬ অক্টোবর রাত দেড়টার দিকে বারান্দীপাড়া বৌবাজার বিহারী কলোনি এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে কয়েকজন যুবকের সমবেত হওয়ার খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় ওসমান গনিকে আটক করা হয়। তাঁর পরিহিত লুঙ্গির পেছনে গোঁজা অবস্থায় একটি স্টিলের চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক ওসমান গনি ও অজ্ঞাতনামা ১–২ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, আটক আব্দুল মালেক ওরফে আকাশের বিরুদ্ধে কোতয়ালী থানায় চুরি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রয়েছে। মঙ্গলবার বিকেলে আটক তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।