নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
নৃত্য বিতান যশোরের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ’ এবং সংগঠনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
রোববার (৪ অক্টোবর ২০২৬) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন নৃত্য বিতানের পরিচালক সঞ্জীব চক্রবর্তী।
নৃত্য বিতানের সভাপতি অ্যাডভোকেট শাহরিয়ার বাবুর সভাপতিত্বে এবং ধীরাজ সাউয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নৃত্য বিতানের শিক্ষক সুকুমার আইচ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মেহেদী হাসান নয়ন, হুসাইন তারেক এবং জান্নাতুল নাঈমা সোনিয়া।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এতে নৃত্য বিতানের শিল্পীরা ভরতনাট্যম, কথক, লোকনৃত্য ও সৃজনশীল পরিবেশনা তুলে ধরে দর্শকদের মুগ্ধ করেন। অনুষ্ঠান শেষে প্রারম্ভিক বর্ষ থেকে ষষ্ঠ বর্ষ পর্যন্ত উত্তীর্ণ মোট ৮৭ জন শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেওয়া হয়।