বেনাপোল প্রতিনিধি
শার্শা সীমান্তে ইয়াবাসহ আটক চার, দুই জন ইউপি সদস্য ছবি: বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্তে অভিযান চালিয়ে ৪৬টি ইয়াবা ট্যাবলেট ও পাঁচটি মোবাইল ফোনসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে দুজন বর্তমান ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য থাকায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলার কায়বা সীমান্তের চন্দনপুর কলেজ মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—কলারোয়া উপজেলার চান্দুড়িয়া এলাকার মৃত ইমানুর রহমানের ছেলে ও ইউপি সদস্য মোস্তফা কবির ফারুক (৪৭), একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে আব্দুস সালাম (৪৩), কলারোয়া উপজেলার কাদপুর এলাকার রবিউল ইসলামের ছেলে ও ইউপি সদস্য নিজাম উদ্দীন (৩৮) এবং একই এলাকার সামছুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (৩৬)।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক কারবার নিয়ন্ত্রণে দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ২১ বিজিবির একটি দল বুধবার চন্দনপুর কলেজ মোড় এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন চারজনকে তল্লাশি করে তাঁদের কাছ থেকে ৪৬টি ইয়াবা ট্যাবলেট ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।