ধ্রুব নিউজ
২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে যশোর বোর্ডের সার্বিক ফলে বড় ধরনের ধস নেমেছে। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা গতবারের চেয়ে উল্লেখযোগ্য হারে কমেছে। নয়টি সাধারণ বোর্ডের মধ্যে এবারও যশোর বোর্ডের অবস্থান দাঁড়িয়েছে অষ্টম।
ফলাফলের তুলনামূলক চিত্র:
| বছর | পাসের হার |
জিপিএ-৫ প্রাপ্তি |
গতবারের চেয়ে পরিবর্তন | |
| ২০২৫ | ৫০.২০% | ৫,৯৯৫ | ( ১৪.০৯% পয়েন্ট কম) | |
| ২০২৪ | ৬৪.২৯% | ৯,৭৪৯ জন |
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যশোর বোর্ড থেকে মোট ১ লাখ ১২ হাজার ৫৭৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৫৬ হাজার ৫০৯ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ২৪ হাজার ৯০১ জন এবং ছাত্রী ৩১ হাজার ৬০৮ জন।
যশোর বোর্ডের এ বছর পাসের হার (৫০.২০%) সাধারণ ৯টি শিক্ষাবোর্ডের মধ্যে অষ্টম অবস্থানে রয়েছে, যা গত বছরও ছিল। তবে এবারের সর্বনিম্ন পাসের হার ৪৮.৮৬% নিয়ে নবম অবস্থানে রয়েছে কুমিল্লা বোর্ড। উল্লেখ্য, এই যশোর বোর্ডই ২০২১ সালে বোর্ডসেরা হয়েছিল।
ফল বিপর্যয়ের কারণ:
বোর্ড কর্তৃপক্ষ এবং শিক্ষাবিদরা এই ফল বিপর্যয়ের জন্য একাধিক কারণ চিহ্নিত করেছেন:
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মৎ আসমা বেগম বলেন, “বিগত জুলাই আন্দোলনে এই শিক্ষার্থীরা দীর্ঘ সময় রাজপথে ছিল। এ কারণে তাদের প্রস্তুতিতে ঘাটতি ছিল।”
চেয়ারম্যান জানান, এ বছর এইচএসসি পরীক্ষার্থীদের ৪৫ দশমিক ১৮ শতাংশ ইংরেজিতে অনুত্তীর্ণ হয়েছে, যার প্রভাব সার্বিক ফলাফলে পড়েছে।
বোর্ড চেয়ারম্যান আরও দাবি করেন যে, পাসের হার বেশি দেখানোর জন্য বোর্ডগুলোর মধ্যে যে ‘অসুস্থ প্রতিযোগিতা’ ছিল, তা এখন নেই। অতিমূল্যায়ন বা অবমূল্যায়ন এখন বন্ধ হয়েছে, ফলে এটিই ফলাফলের প্রকৃত চিত্র।
যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক সুভাষ চন্দ্র ভৌমিক ফল বিপর্যয়ের পেছনে তিনটি প্রধান কারণ উল্লেখ করেন: মূলপাঠ্যবইয়ের পরিবর্তে শিক্ষার্থীদের গাইড-নির্ভরতা বৃদ্ধি। ক্লাস বাদ দিয়ে প্রাইভেট ও কোচিং-নির্ভরতা বেড়ে যাওয়া। পরীক্ষার খাতা মূল্যায়নে বাড়তি নম্বর (গ্রেস) যোগ করার বিষয়টি বন্ধ হওয়া। অধ্যাপক ভৌমিক বলেন, যারা ঠিকমত মূল বই ভালো করে পড়েছে এবং ক্লাসে হাজির ছিল, তারা ভালো ফল করেছে। তিনি শিক্ষক ও অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীতে বোর্ডের ফলাফল ভালো করার জন্য তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।