অভয়নগর(যশোর) প্রতিনিধি
শোকাহত পরিবারের পাশে বিভিন্ন্ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ ছবি: ধ্রুব নিউজ
মাগুরা শান্তি লতা মাধ্যমিক বিদ্যালয়ের নেপথ্যের কারিগর ও বিশিষ্ট শিক্ষানুরাগী জমিদাতা শান্তি লতা পরলোকগমন করেছেন। গতকাল সোমবার (০২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ১০০ বছর।
শান্তি লতা কেবল একজন মহীয়সী নারীই ছিলেন না, বরং তিনি ছিলেন মাগুরার শিক্ষা প্রসারের এক আলোকবর্তিকা। তিনি তার জীবনকালে শিক্ষা ও সমাজকল্যাণমূলক কাজে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। বিশেষ করে মাগুরা শান্তি লতা মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য তিনি ব্যক্তিগতভাবে ৪৪০ শতক জমি দান করেন, যা এলাকায় শিক্ষার প্রসারে এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে।
তার প্রয়াণের খবর ছড়িয়ে পড়লে মাগুরা ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। এই মহীয়সী নারীর প্রয়াণে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাতে উপস্থিত হন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সাবেক চেয়ারম্যান বাবু রনজিৎ কুমার মন্ডলের সার্বিক সহযোগিতায় সমবেদনা জানাতে বাসভবনে উপস্থিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভয়নগর থানা আমির অধ্যাপক সরদার শরিফ হোসেন, মাগুরা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সামাদ, মাগুরা শান্তি লতা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গোলাম সরোয়ার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত নেতৃবৃন্দ শান্তিলতার আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।