নিজস্ব প্রতিনিধি
মোবাইলে ধারণকরা মারামারির চিত্র ছবি: ভুক্তভোগী নূর ইসলাম
যশোরের কেশবপুরে চাঁদার টাকা না দেওয়ায় বসতবাড়ি ভাঙচুর, গাছপালা ও ফসল লুটসহ নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেশবপুর উপজেলার চাঁদড়া গ্রামের মহাতাব সরদারের ছেলে ভুক্তভোগী নূর ইসলাম।
তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করেন, কেশবপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, বিএনপি নেতা ইউছুফ ও তাসের উদ্দিনসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জন ব্যক্তি তার নিকট ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করায় গত ১৫ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলাকারীরা তার বসতবাড়িতে তান্ডব চালায়।
নূর ইসলাম আরও জানান, হামলাকারীরা কেবল বসতঘর ভাঙচুরই করেনি, বরং প্রায় দুই বিঘা জমির সরিষা কেটে আলমসাধু ও ভ্যানযোগে লুট করে নিয়ে যায়। এছাড়া বসতভিটার চারপাশ থেকে ১০টি শিশু গাছ, ৫টি মেহগনি গাছ, ১০টি নারিকেল গাছ এবং প্রায় ১০০টি বাঁশ কেটে নিয়ে গেছে তারা। এতে তাদের প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। সংবাদ সম্মেলনে এসব ঘটনার ভিডিও ও স্ত্রির চিত্র দেখানো হয়।
ভুক্তভোগী নূর ইসলাম জানান, বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রাণের ভয়ে এলাকা ছেড়ে অন্যত্র অবস্থান করছেন।