নিজস্ব প্রতিবেদক
রমজানের আনন্দ ভাগ করে নিতে এগিয়ে এসেছে মানবিক সংগঠন ‘ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ’ ছবি: ধ্রুব নিউজ
যশোর: রমজানের পবিত্রতা আর ত্যাগের মহিমা যেন পূর্ণতা পায় আর্তমানবতার সেবায়। সেই মানবিকতারই এক অনন্য নজির দেখা গেল যশোর সদরের রামনগর ইউনিয়নের কাজিপুর গ্রামে। মা ইন্টারন্যাশনাল-এর অর্থায়নে এবং ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ-এর নিবিড় ব্যবস্থাপনায় গ্রামের ১৫০টি স্বল্প আয়ের পরিবারের মুখে ফুটেছে তৃপ্তির হাসি। তাদের হাতে তুলে দেওয়া হয়েছে পবিত্র রমজানের প্রয়োজনীয় সব রসদ সমৃদ্ধ বিশদ এক খাদ্য উপহারের প্যাকেজ।
সোমবার কাজিপুর গ্রামে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানটি কেবল নিছক ত্রাণ বিতরণ ছিল না; বরং এটি ছিল প্রতিবেশীর বিপদে পাশে দাঁড়ানোর এক আন্তরিক প্রয়াস। ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ-এর যশোর জেলা প্রতিনিধি মুন্সি নাজমুল হোসেনের সভাপতিত্বে এই মানবিক আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ-এর ফিন্যান্স অফিসার আবু সুফিয়ান।
বাজারের ঊর্ধ্বগতির এই সময়ে প্রতিটি পরিবারের জন্য যে পরিমাণ খাদ্যসামগ্রী বরাদ্দ করা হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। প্রতিটি ব্যাগে ছিল ২৫ কেজি চাল, ৩ কেজি তেল, ২ কেজি ছোলা, ১ কেজি মুসুরির ডাল, ২ কেজি চিড়া, ২ কেজি চিনি, ১ কেজি লবণ ও ১ কেজি খেজুর। শুধু তাই নয়, পুষ্টির কথা মাথায় রেখে যুক্ত করা হয়েছিল ২ কেজি মুরগি, ১ কেজি গুঁড়া দুধ ও ৪ কেজি আটা। শিশুদের আনন্দ ও আপ্যায়নের জন্য আরও ছিল শরবত, সেমাই ও নুডলসের মতো পণ্য।
খাদ্যসামগ্রী হাতে পেয়ে এক বৃদ্ধা অশ্রুসিক্ত চোখে বলেন, বাজারে যে দাম, তাতে এবার সেমাই-চিনি কেনা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। আজকের এই উপহারে আমাদের পুরো রমজানটা অন্তত নিশ্চিন্তে কাটবে।
অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের মুরব্বি ও ধর্মীয় নেতারাও উপস্থিত থেকে এই কার্যক্রমের প্রতি সংহতি জানান। এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর মুন্সিপাড়া মসজিদের সহ-সভাপতি ইব্রাহিম মোল্লা, কাজিপুর মুন্সিপাড়া মসজিদের ইমাম মাওলানা আবু হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন জাহিদ হাসান, শাফিন, শাহজুর রহমান ও তাইজুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ-এর প্রতিনিধিরা জানান, তারা বিশ্বাস করেন সমাজের সামর্থ্যবান মানুষ ও সংস্থাসমূহ এগিয়ে এলে কোনো পরিবারই ক্ষুধার্ত অবস্থায় রোজা পালন করবে না।