নিজস্ব প্রতিবেদক
যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে একটি যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যশোর মেডিকেল কলেজ মোড়ে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা অধ্যাপক আবুল হাসেম রেজা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবুল হাসেম রেজা বলেন, তরুণরাই একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠনের প্রধান কারিগর। যুব সমাজকে নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। একটি মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে যুবকদের ভূমিকা অপরিসীম। তিনি আরও বলেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে তরুণরাই সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে, তাই তাঁদের আদর্শিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসমাইল হোসেন। এছাড়াও সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুল লতিফ, শহর নায়েবে আমীর অ্যাডভোকেট আব্দুর রহমান এবং এনসিবি নেতা এমদাদুল হক।
৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি সেলিম শিহাবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে ওই এলাকার যুব সমাজসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় যুবকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।