বেনাপোল (যশোর) প্রতিনিধি
লিটনকে পরম মমতায় বুকে টেনে নিয়ে সান্ত্বনা দিলেন জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজীজুর রহমান ছবি: ধ্রুব নিউজ
রাজনীতির মাঠের লড়াই ভিন্ন হতে পারে, কিন্তু শোকের মুহূর্তে দেশপ্রেম ও ভ্রাতৃত্ব যে সবকিছুর ঊর্ধ্বে—তার এক অনন্য নজির দেখল শার্শাবাসী। যশোর–১ (শার্শা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নুরুজ্জামান লিটনের মাতৃবিয়োগে সৃষ্টি হলো এক হৃদয়বিদারক দৃশ্যের। শোকে পাথর হয়ে যাওয়া লিটনকে পরম মমতায় বুকে টেনে নিয়ে সান্ত্বনা দিলেন জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজীজুর রহমান।
আজ বুধবার জোহর নামাজের পর বেনাপোল বল ফিল্ড মাঠে মরহুমা মোছাম্মদ লতিফা ইয়াসিনের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শুরুর আগে থেকেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। হাজারো মানুষের উপস্থিতিতে চারদিকে এক শোকাতুর পরিবেশ তৈরি হয়।
জানাজায় উপস্থিত হয়ে জামায়াত নেতা মাওলানা আজীজুর রহমান কেবল একজন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে নন, বরং একজন অভিভাবকের মতো নুরুজ্জামান লিটনের পাশে দাঁড়ান। তিনি শোকসন্তপ্ত লিটনকে দীর্ঘক্ষণ বুকে জড়িয়ে ধরে রাখেন এবং পরম করুণাময় আল্লাহর কাছে মরহুমার জান্নাত কামনা করেন। এই দৃশ্য উপস্থিত হাজারো মানুষের হৃদয় ছুঁয়ে যায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, ৮৫ বছর বয়সী লতিফা ইয়াসিন দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজায় জামায়াত প্রার্থীসহ অংশ নেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, শার্শা থানা, ইউনিয়ন ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, জামায়াতে ইসলামী ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ।
জানাজা শেষে মরহুমাকে তার পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।