ইমরুল কয়েস
এক সময় নগদ টাকা ছাড়া কেনাকাটার কথা কল্পনাও করা যেত না। অথচ আজ সামান্য একটি QR কোড স্ক্যান করে এক মিনিটেই প্রয়োজনীয় বিল পরিশোধ করা যাচ্ছে, ঘরে বসেই ইউটিলিটি বিল দেওয়া যাচ্ছে, এমনকি গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ীরাও ডিজিটাল পেমেন্ট গ্রহণ করছেন। এটি শুধু প্রযুক্তির পরিবর্তন নয়; বাংলাদেশের অর্থনীতিরও একটি নীরব রূপান্তর।
স্মার্ট বাংলাদেশ গড়ার পথে ক্যাশলেস বা নগদবিহীন অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ ধাপ। ক্যাশলেস অর্থনীতি বলতে নগদের পরিবর্তে ব্যাংক অ্যাকাউন্ট, কার্ড, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS), ইন্টারনেট ব্যাংকিং ও বাংলা QR-এর মাধ্যমে লেনদেনকে বোঝায়। এর ফলে লেনদেনে স্বচ্ছতা বাড়ে, নগদ অর্থ ব্যবস্থাপনার ব্যয় কমে এবং কর ফাঁকি ও অর্থপাচার নিয়ন্ত্রণে সহায়তা করে।
বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট দ্রুত জনপ্রিয় হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ডিজিটাল লেনদেনের পরিমাণ ও মূল্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। তবে বাস্তবতা হলো, দেশের মোট লেনদেনের বড় অংশ এখনো নগদেই সম্পন্ন হয়। এর কারণ অনানুষ্ঠানিক অর্থনীতির বিস্তৃতি, গ্রামীণ অঞ্চলে ডিজিটাল অবকাঠামোর সীমাবদ্ধতা এবং ডিজিটাল আর্থিক সচেতনতার ঘাটতি।
আরেকটি বড় চ্যালেঞ্জ হলো সাইবার নিরাপত্তা। ফিশিং, ভুয়া অ্যাপ, সিম সোয়াপ ও AI-নির্ভর প্রতারণা (Deepfake) মানুষের আস্থাকে দুর্বল করতে পারে। তাই প্রযুক্তির পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।
বাংলা QR-এর মতো উদ্যোগ ক্যাশলেস বাংলাদেশ গঠনে নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে এই লক্ষ্য অর্জনে উন্নত ডিজিটাল অবকাঠামো, ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্টে উৎসাহ, শিক্ষা ও সরকারি সেবায় ডিজিটাল লেনদেনের সম্প্রসারণ এবং শক্তিশালী সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

নগন লেনদেন কমাতে করণীয় কী
প্রথমত, শহর ও গ্রামের ডিজিটাল বৈষম্য কমাতে উচ্চগতির ইন্টারনেট এবং নির্ভরযোগ্য ডিজিটাল অবকাঠামো নিশ্চিত করতে হবে।
দ্বিতীয়ত, ক্ষুদ্র ব্যবসায়ীদের QR ও POS ব্যবহারে উৎসাহ দিতে হবে।
তৃতীয়ত, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফিস প্রদান শতভাগ ডিজিটালাইজেশন করা উচিত।
চতুর্থত, বাংলাদেশ ব্যাংক, ব্যাংক, MFS, ফিনটেক প্রতিষ্ঠান এবং মোবাইল অপারেটরদের মধ্যে আরও সমন্বিত একটি পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তুলতে হবে।
সর্বোপরি, শক্তিশালী সাইবার নিরাপত্তা এবং ভোক্তা সুরক্ষা নিশ্চিত করতে হবে।
সবশেষে বলা যায়, প্রযুক্তি, নীতিমালা এবং জনআস্থার সমন্বয় ঘটাতে পারলে ক্যাশলেস বাংলাদেশ কেবল একটি স্বপ্ন নয়, একটি বাস্তব অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে ।
লেখক: ব্যাংকার