ধ্রুব ডেস্ক
ছবি: প্রতীকী
বিজ্ঞপ্তি ১৪তম গ্রেডের। আবেদন করলেন, চাকরি পেলেন। কিছুদিন চাকরির পর মনে হলো সরকার বিজ্ঞাপনে ভুল করেছে, তাই সমাধানের জন্য দৌড়ঝাঁপ। ৯ বছর পর গ্রেড উন্নীতকরণের প্রজ্ঞাপন পেলেন। হলেন ১০ম গ্রেড। কিন্তু প্রথম যোগদান ছিল ১৪তম। ২০২৬ সালের বেতন নির্ধারণ ফরমে যশোর জিলা স্কুল ও যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চার কৃষি শিক্ষক প্রথম যোগদান ১০ম দেখিয়েছেন। ফলে তারা এখন সিনিয়র হয়ে গেছেন। সে অনুযায়ী বেতনও উত্তোলন করছেন। তাদের এই তথ্য গোপনের বিষয়টি সামনে এনেছেন অন্য শিক্ষকরা, যারা সরাসরি ১০ম গ্রেডে যোগদান করেছেন। তারা জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন।
১৯৯৫ সালে সরকার মাধ্যমিক পর্যায়ে কৃষি শিক্ষা বিষয় বাধ্যতামূলক করে। সে সময় সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে তিন বছর মেয়াদি ডিপ্লোমা পাস শিক্ষক নিয়োগ দেওয়া হয়। সাধারণ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সরাসরি ১০ম গ্রেডে শিক্ষক নিয়োগ দেওয়া হয়। কিন্তু এসএসসির পর তিন বছরের ডিপ্লোমা (স্নাতক সমমানের নয়) পাসকৃতদের জন্য ১৪তম গ্রেডের বিজ্ঞাপন প্রকাশ করে সরকার। সে অনুযায়ী দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক (কৃষি) নিয়োগ দেওয়া হয়। তাদের নিয়োগপত্র ও প্রারম্ভিক বেতন স্কেল ছিল ১৪তম গ্রেডে। অর্থাৎ চাকরিতে প্রবেশের সময় তারা স্পষ্টভাবে ১৪তম গ্রেডের শিক্ষক ছিলেন।
তবে ২০০৪ সালের মে মাসে সরকার একটি প্রজ্ঞাপন জারি করে ১৯৯৫ ব্যাচের কৃষি শিক্ষকদের পদটিকে ১৪তম গ্রেড থেকে উন্নীত করে ১০ম গ্রেডে রূপান্তর করে। ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ ৬২টি ডাবল শিফটযুক্তসহ ৩১৬টি মাধ্যমিক বিদ্যালয়সমূহে কর্মরত কৃষি বিষয়ে তিন বছর মেয়াদি দ্বিতীয় বিভাগে ডিপ্লোমাধারী ৩৭৮টি সহকারী শিক্ষক (টেকনিক্যাল/কৃষি শিক্ষা) পদের প্রারম্ভিক বেতন স্কেল ১৪ নং হতে ১০ নং স্কেল স্কেলে উন্নীতকরণে সরকার সম্মত হয়েছে। তবে এ পদে কোনো উচ্চতর যোগ্যতার জন্য কোনো অতিরিক্ত উচ্চতর বেতন স্কেল/আর্থিক সুবিধা প্রাপ্য হবেন না। আদেশটি ২২/৫/২০০৪ তারিখ থেকে কার্যকর বলে গণ্য হবে।’
এই বুনিয়াদে তারা যোগদানের স্কেল ১০ম হিসেবে ব্যবহার করছেন। তাদের মধ্যে আছেন যশোর জিলা স্কুলের নজরুল ইসলাম, মনিরুজ্জামান এবং যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আহসান হাবীব পারভেজ ও গোলাম মোস্তফা।
এর মধ্যে যোগদানের পর থেকে আজ অবধি সরকারি বালিকা বিদ্যালয়েই আছেন আহসান হাবীব পারভেজ। তিনি জানান, ‘আমাদের ১৪তম গ্রেড সংশোধন হয়ে দশম গ্রেড হয়ে সপ্তম গ্রেড হয়েছে। যেহেতু গ্রেড সংশোধন হয়েছে, সেখানে তথ্য গোপনের কোনো বিষয় নেই। এজি অফিস অর্থ মন্ত্রণালয়ের কাগজ দেখে তারপরে বেতন ছাড় করেছে। আমরা ১৪তম তে ছিলাম—এটা সত্য কথা। কিন্তু আমাদের গ্রেড সরকার বদলে দিয়েছে।’
বিস্তারিত জানার জন্য তিনি জিলা স্কুলের কৃষি বিষয়ের শিক্ষক নজরুল ইসলামের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। এ বিষয়ে নজরুল ইসলাম বলেন, “সহকারী শিক্ষকের স্কেল কখনো ১৪তম হয় না। এটা বিজ্ঞাপনে ভুল ছিল। আমরা তো ভুল সংশোধন করে যোগদানের সুযোগ পাইনি, এজন্য ১৪তম তে যোগদান করি। পরে সরকারের বিভিন্ন দফতরে আমাদের বিষয়টা বলি, তারা আমাদের যুক্তি বিবেচনায় এনে ২০০৪ সালে ১০ম গ্রেড দেয় এবং উল্লেখ করে দেয় প্রারম্ভিক বেতন স্কেল উন্নীতকরণ। কাজেই আমরা এরিয়ার বিষয়টি বিবেচনা না করে এটা গ্রহণ করি। সেই হিসেবে আমাদের যোগদান ১০ম বললে কোনো অন্যায় হবে না। তবে যোগদানের তারিখ বিবেচনায় আমাদের সিনিয়র থাকার কথা থাকলেও ফ্যাসিস্ট সরকার সে সুযোগ থেকে বঞ্চিত করে। আমরা ১৯৯৫ সালে যোগদান করলেও সিনিয়রিটির বিবেচনায় আমাদের ২০০৪ সাল বিবেচনা করে বঞ্চিত রাখা হয়। সে সময় আমাদের পক্ষ থেকে মামলা করা হয়। তবে সেই মামলায়ও আমাদের বিপক্ষে রায় দেওয়া হয়।’
কৃষি শিক্ষকদের বিপক্ষে সাধারণ শিক্ষকদের পক্ষে যারা জেলা হিসাবরক্ষণ অফিসে আবেদন করেছেন, তাদের একজন যশোর জিলা স্কুলের গাজী আজিজুর রহমান। তিনি বলেন, “ওরা ১৯৯৫ সালে যোগদান করেছে ১৪তম গ্রেডে। কিন্তু ফিক্সেশনের সময় তারা যোগদানের তারিখের তথ্য গোপন করে নিজেদের সাবস্ট্যান্টিভ গ্রেড ১০ম দেখিয়েছে। জুনিয়র হয়েও তারা এভাবে আমাদের চেয়ে সিনিয়র হয়ে যাচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। এমনকি তারা ১০ গ্রেডে প্রাপ্যতার জন্য প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ এ ২৪৪/২০২০ নম্বর মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০২২ সালে উক্ত মামলাটি প্রশাসনিক ট্রাইব্যুনাল-৩-এ স্থানান্তরিত হলে তা ৭১/২০২২ খ্রি. নামে চূড়ান্ত শুনানির অপেক্ষায় আছে। গ্রেড নিয়ে মামলা বিচারাধীন থাকা অবস্থায় তারা তথ্য গোপন করেছে। এটা দুর্নীতি।”
সূত্র : লোকসমাজ