ধ্রুব ডেস্ক
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
প্রতিনিধি হিসেবে আপনারা দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করবেন এবং নাগরিকদের নিরাপত্তা বিধান করবেন। এ মর্মে আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি।’
একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষ্যে দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ পরিস্থিতিতে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে ওই অপশক্তিকে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।
স্পিকার বলেন, ‘মাননীয় সদস্যবৃন্দ, একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি অত্যন্ত গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষ্যে দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে।’ তিনি বলেন, ‘জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে আপনারা দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করবেন এবং নাগরিকদের নিরাপত্তা বিধান করবেন। এ মর্মে আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি।’
অধিবেশনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে স্পিকার বলেন, ‘সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার উদ্দীপনামূলক বক্তব্যে দেশের প্রতিটি নাগরিক আজ অনুপ্রাণিত হয়েছেন।’
সংসদ পরিচালনায় সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, চিফ হুইপ ও বিরোধী দলের চিফ হুইপসহ সব সংসদ সদস্যকে ধন্যবাদ জানান স্পিকার। তিনি বলেন, ‘মাননীয় ডেপুটি স্পিকার এবং সভাপতি মণ্ডলীর সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ অধিবেশন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য সংসদ সচিবালয়, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন সেবা প্রদানকারী কর্মকর্তা-কর্মচারীদেরও ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনসহ দেশের সব গণমাধ্যমের সাংবাদিক, কর্মকর্তা ও প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তব্যের শেষ পর্যায়ে স্পিকার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করেন। তিনি বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতাবলে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদের চলতি চতুর্থ অধিবেশন ১৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার বৈঠক শেষে সমাপ্তি ঘোষণা করছি।’