নিজস্ব প্রতিবেদক
ছবি: প্রতীকী
যশোরে বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে আদালতে করা মামলাটি থানায় রেকর্ড হয়েছে।
অভিযুক্ত শিক্ষক রাসেল পারভেজ ওরফে আব্দুর রহমান (৩২) যশোর শহরতলীর শেখহাটি তরফ নওয়াপাড়া খেজুর বাগান এলাকার আব্দুর রহিমের ছেলে। তিনি জান্নাতুন বানাত মহিলা মাদ্রাসার শিক্ষক।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগী ১৯ বছর বয়সী ওই তরুণী জান্নাতুন বানাত মহিলা মাদ্রাসায় পড়াশোনা করতেন। সে সময় শিক্ষক রাসেল পারভেজ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন। পরবর্তী সময়ে ওই তরুণী জানতে পারেন, অভিযুক্ত শিক্ষক বিবাহিত এবং তার দুটি সন্তান রয়েছে। এরপর তরুণীর পরিবার তাকে অন্যত্র বিয়ে দেয়।
অভিযোগে আরও বলা হয়, বিয়ের পরও পুরোনো সম্পর্ক ও গোপন তথ্য ফাঁসের ভয় দেখিয়ে ওই নারীকে ব্ল্যাকমেইল করতে থাকেন শিক্ষক আব্দুর রহমান। গত ১ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে শেখহাটি বাবলাতলা এলাকায় ওই নারীর ভাড়া বাসায় গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। এ সময় ভুক্তভোগীর স্বামী বাসায় ফিরে তাদের দেখে ফেলেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে স্ত্রীকে তালাক দেন।
ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অভিযুক্ত শিক্ষক নিজের অপরাধ স্বীকার করে ভুক্তভোগীকে আইন অনুযায়ী বিয়ে করার লিখিত অঙ্গীকারনামা দেন। তবে পরবর্তী সময়ে সেই অঙ্গীকার অস্বীকার করে যোগাযোগ বন্ধ করে দেন তিনি।
এ ঘটনায় ভুক্তভোগী নারী আদালতে মামলা করলে আদালতের নির্দেশে তা যশোর কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়।