নিজস্ব প্রতিবেদক
ছবি: প্রতীকী
যশোরে সাবেক স্ত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ দাবির অভিযোগে রিপন হোসেন (২৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। আদালতে দায়ের করা নালিশি মামলাটি কোতোয়ালি মডেল থানা নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করেছে। ভুক্তভোগী ২২ বছর বয়সী নারী তার সাবেক স্বামীর বিরুদ্ধে এই মামলা করেছেন।
আসামি রিপন হোসেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের কেনা গাজীর ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, প্রায় ছয় বছর আগে তাদের বিয়ে হয়েছিল। দাম্পত্য জীবনে তাদের একটি পুত্রসন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর রিপন নেশাগ্রস্ত হয়ে পড়েন এবং নেশার টাকার জন্য স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। নির্যাতন সহ্য করতে না পেরে গত ১৪ অক্টোবর ওই নারী তাকে তালাক দেন। তালাকের পর রিপন ফোনে গালিগালাজ শুরু করেন এবং তার কাছে স্ত্রীর অগোচরে ধারণ করা ব্যক্তিগত ছবি ও ভিডিও রয়েছে বলে জানান। নিয়মিত নেশার টাকা না দিলে সেগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি। গত ২৬ অক্টোবর সন্ধ্যায় রিপন ওই নারীর ইমো আইডিতে তার কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও পাঠিয়ে দেন।
এ ঘটনায় ভুক্তভোগী নারী প্রথমে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপরও হুমকি অব্যাহত থাকায় তিনি আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণ করে সাত কার্যদিবসের মধ্যে মামলা রুজু করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পরে কোতোয়ালি থানা মামলাটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে।