কবিতা
১
এ শহর হয়তো আর শহর থাকবেনা,
অনিশ্চয়তার দেওয়াল ভেঙ্গে
তোমরা ফিরে এসো,
ফিরে এসো তোমার নীড়ে তোমার শেকড়ে
তোমার জন্মভূমিতে ফিরে এসো।
একটা শক্ত চাঁদর বিছাও বসে যাও সবে
অনেক হয়েছে!
পাখিদের দিকে তাকাও
শীত নেই তবুও তারা শীতের তীব্রতায় জড়সড়
ভালোবাসার ওমে লুকিয়ে
আছে আগামী।
২.
একটা স্টেশনে বসে আছি অনেকক্ষণ,
এতো মানুষ এতো শব্দ
কিন্তু আমি কিছুই শুনি না!
একজন আরেকজনের সাথে কথা কয়
চা ওয়ালা বাদাম ওয়ালা পানি ওয়ালা
মনোহরী পসরা সাজিয়ে বসে আছে অনেকে,
ল্যাম্পপোস্টগুলো আলো বিলিয়ে চলেছে নিরলস
বুনো কইতর আর চড়ুই গুলো সংসার পেতেছে
ছাদের কার্নিসে। তাদেরও কথা আছে আছে ভাব ভালোবাসা,আছে আগামী।
আমি বসে আছি একা,
কোনো কথা নেই
কোনো শব্দ নেই,
নেই কোনো আগামী।
শিশুদ্ধ অপেক্ষা
কখন আসবে ট্রেন!
বৃষ্টি ভেজা রাতে রেললাইন ধরে হাটতে খুঁজে চলি
৩.
তোমাদের সভ্যতার
ইস্তেহারে আমার ঠিকানা লেখা নেই,
আমি ফিরে এলাম,
বাড়ী থেকে বহুদূর যাবার
পরেও ফিরে আসা যায়,
আমি ফিরে এলাম,
একটা মায়াবী সকাল
আমায় হাতছানি দেয়।
এ তল্লাটে হাজারো মায়াভরা মুখ আমাকে ডাকে,
আমি ফিরে আসি
আমার শেকড়ে।