ক্রীড়া ডেস্ক
আব্দুর রাজ্জাক ছবি: সংগৃহীত
দেশের ক্রিকেটের কিংবদন্তি বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক এবার মাঠের লড়াই সামলাবেন ডাগ-আউটে দাঁড়িয়ে। খেলোয়াড়ি জীবন ও নির্বাচকের দায়িত্ব শেষে এবার পেশাদার কোচ হিসেবে নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন তিনি। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়েই কোচিং ক্যারিয়ারে অভিষেক হতে পারে তার।
ক্রিকেট ছাড়ার পর রাজ্জাক দীর্ঘদিন নির্বাচক হিসেবে জাতীয় দলের সাথে যুক্ত ছিলেন। সম্প্রতি বিসিবির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তবে দেশের ক্রিকেটে সাম্প্রতিক পটপরিবর্তনে বিসিবি বোর্ড ভেঙে যাওয়ায় বর্তমানে কোনো প্রাতিষ্ঠানিক দায়িত্বে নেই তিনি। এই অবসর সময়টাকেই কোচিংয়ের কাজে লাগাতে চাইছেন রাজ্জাক।
কোচিং পেশায় আসার আগে নিজেকে পূর্ণাঙ্গভাবে তৈরি করেছেন রাজ্জাক। সম্প্রতি তিনি সম্পন্ন করেছেন কোচিং লাইসেন্সের অন্যতম সর্বোচ্চ ধাপ 'লেভেল-থ্রি' কোর্স। ফলে তাত্ত্বিক জ্ঞান এবং মাঠের দীর্ঘ অভিজ্ঞতা—দুইয়ের মিশেলে এক নতুন রাজ্জাককে দেখা যাবে এবারের ডিপিএলে।
জানা গেছে, ঢাকা প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি ক্লাবের সাথে ইতিপূর্বেই তার প্রাথমিক আলোচনা হয়েছে। সব ঠিক থাকলে খুব দ্রুতই কোনো একটি দলের সাথে চুক্তিবদ্ধ হবেন তিনি।
নির্বাচক প্যানেলে থাকার সময় থেকেই ক্রিকেটারদের খুব কাছ থেকে দেখেছেন রাজ্জাক। এবার ডাগ-আউটে কোচ হিসেবে তার উপস্থিতি তরুণ স্পিনারদের জন্য বড় অনুপ্রেরণা হবে বলেই মনে করছে ক্রিকেট সংশ্লিষ্টরা।