ক্রীড়া ডেস্ক
ব্লেসিং মুজারাবানি ছবি: সংগৃহীত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ঝকঝকে দুনিয়া আর বড় অঙ্কের পারিশ্রমিকের মোহে পড়ে বিপাকে জিম্বাবুইয়ান পেসার ব্লেসিং মুজারাবানি। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সাথে করা প্রতিশ্রুতি ভঙ্গ করে আইপিএলে যোগ দেওয়ায় তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে পিসিবি। ফলে ২০২৯ সালের আগে পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে আর দেখা যাবে না তাকে।
ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফের বিকল্প হিসেবে মুজারাবানিকে দলে ভেড়ায় ইসলামাবাদ ইউনাইটেড। প্রায় ৪০ হাজার ডলারের (১১ মিলিয়ন পাকিস্তানি রুপি) বিনিময়ে ইসলামাবাদে খেলতে রাজি হয়েছিলেন তিনি। কিন্তু চুক্তির সব শর্ত চূড়ান্ত হওয়ার পর এবং আনুষ্ঠানিক স্বাক্ষরের ঠিক আগমুহূর্তে দৃশ্যপটে হাজির হয় আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। মুস্তাফিজুর রহমানের বিকল্প খুঁজতে থাকা কেকেআর তাকে চারগুণ বেশি অর্থাৎ ১ লাখ ৬০ হাজার ডলারের প্রস্তাব দেয়। বড় অঙ্কের এই অফার পেয়েই ইসলামাবাদের সাথে চুক্তি ভঙ্গ করে কলকাতায় পাড়ি জমান মুজারাবানি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই ঘটনাকে লিগের 'পেশাদার কাঠামোর অবমাননা' হিসেবে দেখছে। আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা দেওয়ার পর এক বিবৃতিতে তারা জানায়: "চুক্তির নিশ্চয়তা এবং লিগের মর্যাদা অক্ষুণ্ণ রাখতেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। মুজারাবানির এই আচরণ পেশাদারিত্বের চরম পরিপন্থী।"
এর আগে ২০২৫ সালে প্রায় একই ধরনের অপরাধে দক্ষিণ আফ্রিকার করবিন বোশকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল পিএসএল। তবে মুজারাবানির ক্ষেত্রে শাস্তির মেয়াদ দ্বিগুণ করা হয়েছে, যা ভবিষ্যতে অন্য ক্রিকেটারদের জন্য একটি সতর্কবার্তা।
পিএসএল কর্তৃপক্ষ তাকে নিষিদ্ধ করলেও আইপিএলে কেকেআর-এর হয়ে নিজের সামর্থ্য দেখিয়েছেন এই পেসার। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে এক ম্যাচে ৪ উইকেট নিয়ে চমকে দিয়েছিলেন তিনি। তবে ২ এপ্রিলের পর আর একাদশে সুযোগ পাননি মুজারাবানি। এদিকে মাঠের পারফরম্যান্সেও ধুঁকছে কেকেআর; চলতি মৌসুমে এখন পর্যন্ত কোনো ম্যাচ না জিতে পয়েন্ট টেবিলের তলানিতে পড়ে আছে শাহরুখ খানের দল।