দেশপ্রেমিক
( উৎসর্গ: ড.সলিমুল্লাহ খান)
যে দেশকে ভালোবাসে সে দেশপ্রেমিক
যে পাশের দেশকে ভালোবাসে সেও দেশপ্রেমিক
যে সত্য বলে সে দেশপ্রেমিক
যে মিথ্যাকে সত্যের মত বলে সেও দেশপ্রেমিক
যে সীমান্তে গুলি করে সে দেশপ্রেমিক
যে সীমান্ত শহীদ বিষয়ে নীরব থাকে সেও দেশপ্রেমিক
যে শুধু লালটিপের অধিকার নিয়ে কথা বলে সে দেশপ্রেমিক
যে বুটের তলায় পিষ্ট নারী দেখে চুপ থাকে সেও দেশপ্রেমিক
যে ভোট দেয়ার চেষ্টা করে শহীদ হয়েছে সে দেশপ্রেমিক
যে মধ্যরাতে ভোটের বাক্স ভরেছে সেও দেশপ্রেমিক
যে মিডিলইস্টে ঘাম ঝরিয়ে দেশে ডলার পাঠায় সে দেশপ্রেমিক
যারা সেই ডলার বিদেশ পাচার করে তারাও দেশপ্রেমিক
যে মজলুমের রক্ত ঝরলে বিপ্লব করে সে দেশপ্রেমিক
যে বহু আগের রক্ত-চেতনা ছাড়া কিছুই দ্যাখেনা সেও দেশপ্রেমিক,
হয়তো জানা যাবে একদিন-
এস আলম, শেখ বাচ্চু, বেনজির, পিকে হালদার, ওসি প্রদীপ,
ডিবি হারুন ,কসাই কামাল এরাও বাংলাদেশের মহোত্তম দেশপ্রেমিক !!!
কালো-আলো
ব্যাপার কিন্তু ভালোই ছিলো
যতক্ষণ তা আলোয় ছিলো
দেখে দেখে চেখে চেখে সবাই কিছু কিনতো
যখন গেলো অন্ধকারে
সবাই বলে মন্দ তারে
হতাশ সবাই ছিলো আশায় ফিরবে আলোর দিন তো?
আধাঁর আলোয় যুদ্ধ হলো
সারাটা দেশ ক্রুদ্ধ হলো
পড়লো ধ্বসে শিকড়গাড়া আধাঁর শাহীর তক্ত
পালিয়ে গেলো নিকষ কালো
আসলো দেশে রঙিন আলো
কাপালিনী পিয়ে গেলো হাজার যুবার রক্ত।