কবিতা
গীতিকথা
আমার অগোছালো ঘর , ঘরের মাঝে তুই
সারাবেলা মনের মধ্যে তোরে নিয়েই শুই
তুই চম্পাকলি বাগানবিলাস লজ্জাবতি লতা
মর্মে মর্মে গোপন শাখায় ইচ্ছে পাখির কথা
প্রাণভ্রমরা বল না তোরে কোথায় আমি থুই।।
তুই একটি নদী মেঘের ডানা কাদামাটির মায়া
ভরদুপুরে ঘামগতরে বটপাকুড়ের ছায়া
মেঘলা মনের বৃষ্টিবনে হাসনাহেনা জুঁই ।।
তুই জোছনা ঝরা টাপুরটুপুর চুপকথার রাতি
অমানিশার হৃদয় ঘরে সূর্য মোমের বাতি
তুই উঠোন ভরা নবান্ন ধান আউশ দিনের ভূই ।।
তুই চড়ুই টিয়ে টুনটুনি আর শ্যামা বনের পাখি
আত্মাপুরে বাউল সুরে তোরেই পুরে রাখি
তোর প্রেমের জলে কষ্ট-কথা উজাড় করে ধুই ।।
পরস্পর বিরোধী
উষ্ণতা বরাবর একটি রেখা কল্পনা করো
এরপর ডাইনে ঘুরে দাঁড়াও
কপালের ছায়া বরাবর চোখ রাখো
কী দেখতে পাচ্ছো?
কপাল নয়, আকাশ!
আকাশ নয় ?
তবে!
ওটা তোমার ভাগ্যরেখা ।
ভাগ্যরেখাও নয় !
যুদ্ধবিমান !
তবে কী এই যুদ্ধ, যুদ্ধ খেলায়
উধাও হতে চলেছে ভাগ্যরেখা
হাল ছেড়ো না
অন্য আকাশ খোঁজো
যেখানে কিছুটা হলেও শান্তির বাতাসে
দোদুল দোদুল দুলছে শাখা -প্রশাখা
তুমি চিৎকার করে বললে -
মানুষ আর শান্তি পরস্পর বিরোধী দুটি শব্দ
একিলিস
হেলেনের পাণিপ্রার্থী, পেলেউস ও সাগরপরী
থেটিসের পুত্র তুমি
যুদ্ধের মেঘ ছাপিয়ে আলো ছড়াও
বীরত্বের অসীম অহঙ্কারে
তোমার গল্পের শুরুতে স্রোত হয়ে বয়ে যায়
স্টিক্স নদীর জল
গোড়ালির টেনডনে লুকিয়ে থাকে জীবন-রহস্য
তুমি কি জানো একিলিস
শক্তি আর সাহসিকতার ঔজ্জ্বল্যে
দেদীপ্যমান তোমার বিজয়ী নাম
ভাগ্যদেবীর আনুকূল্যে নিরুপদ্রব দীর্ঘ জীবন নয়
তোমাকে বেছে নিতেই হলো বীর যোদ্ধার জীবন
তোমাকে রুখতে পারলো না
স্কাইরস অথবা ছদ্মবেশী নারীবেশ
বাধ্য হয়ে জননী, হেফেস্টাস নির্মিত স্বর্গীয়
অস্ত্রপাতি দিয়ে সাজিয়ে দিলেন তোমায়
তোমার পদভারে বেজে উঠলো অসম্ভব সাহসের গান
চোখে-মুখে জেগে উঠলো শত্রু হননের অদম্য নেশা
প্রতিটি নিঃশ্বাসে যার জয়ের শ্লোগান
নিয়তির বাঁধনে উলঙ্গ পৌরুষ
আহা! কী আশ্চর্য ক্ষুধা!
প্রিয় সহচর প্যাট্রোক্লাস নিহত হলে
তুমি ভুলে গেলে স্বীয় প্রতিজ্ঞা
হেলেন, ট্রয়ের প্রাচীর, অগ্নিভরা শত্রুর উন্মূখ দৃষ্টি
বয়ে এনেছে ধ্বংসের খেলা
শান্তি কোথায় !
তবে কী যুদ্ধই অনিবার্য শান্তির ঠিকানা
কোথায় পেন্থিসিলী !
কোথায় ট্রয়ের শ্রেষ্ঠ বীর হেক্টর!
তোমার ইশারার বল্লমে পর্যুদস্ত ট্রোজান বাহিনী
ছুটে গেলো তোমার রথ বৃদ্ধ প্রায়ামের সন্নিকটে
তুমি অমর, মৃত্যু তবু চিরসঙ্গী
চেনা গল্প লুকিয়ে থাকে বুকের ভেতর
সাহসের রোমকূপে বেঁচে থাকো আজন্ম বীরদর্পে
তোমার যুদ্ধকলা চিনেছিলো বিখ্যাত কীরন
তবু প্যারিস নাকি অ্যাপোলোর নিক্ষিপ্ত শর
ছুঁয়েছিলো তোমার টেনডন !
আহা একিলিস !
হেলেনের পঞ্চস্বামীর একজন ;
স্বপ্নসঙ্গমে তোমাকে কতোখানি
কাছে ডেকেছিলো প্রেয়সী হেলেন !
শোনো হে ধুরন্ধর সময়
আগামেননের কোনো কুটচাল আমাকে বিভ্রান্ত করে না
জিউসের মুণ্ড কর্তনে দ্বিতীয়বার ভাবি না আমি
জালিম সময়ের অন্ধকারাচ্ছন্ন কারবালা, কুরুক্ষেত্র,
এজিয়ান তীরে একাকীই আমি হাজার একিলিস