নিজস্ব প্রতিবেদক
যশোর।। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক প্রধান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারীর ক্রোকি স্থাবর অস্থাবর সম্পদের রিসিভার নিয়োগের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশন-দুদকের তদন্তকারী কর্মকর্তার আবেদনের শুনানি শেষে রোববার যশোরের ভারপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ এম এম মোর্শেদ আবেদন মঞ্জুর করেছেন।
দুদকের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা গেছে , যবিপ্রবির সাবেক প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে যবিপ্রবিতে কর্মরত থাকাকালীন টেন্ডার জালিয়াতি ও উন্নয়ন কাজ সম্পন্ন না করেই কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এ অভিযোগের অনুসন্ধান করছেন দুদক সমন্বিত জেলা কার্যালয় যশোর সহকারী পরিচালক আল-আমীন হোসেন। এছাড়া হেলাল উদ্দিন পাটোয়ারী এবং তার স্ত্রী অরিন আক্তারের নামে ক্রয় করা স্থাবর ও অস্থাবর সম্পত্তি অবৈধভাবে উপার্জিত অর্থের বলে অভিযোগের অনুসন্ধান করছে দুদক। এই স্থাবর ও অস্থাবর সম্পত্তি তারা যাতে স্থানান্তর এবং বিক্রি করতে না পারে সেজন্য ক্রোকের জন্য ইতোপূর্বে দুদক আদালতে আবেদন করে। আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এসব সম্পত্তি ক্রোকের আদেশ দেয়।
দুদকের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম জানান, ওই সম্পত্তির স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে চাঁদপুর, নারায়ণগঞ্জ ও ঢাকায়। যা আদালতের আদেশে ক্রোক করা হয়েছে। কিন্তু ক্রোক করা এই স্থাবর ও অস্থাবর সম্পত্তি দেখভালের জন্য দুদকের তদন্তকারী কর্মকর্তা রিসিভার নিয়োগের আবেদন করেছিলেন। শুনানি শেষে বিচারক আবেদন মঞ্জুর করেছেন।