নিজস্ব প্রতিবেদক
যশোর-৩ (সদর) আসনের দুই প্রার্থীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: ধ্রুব নিউজ
যশোর।। সরকারি কলেজের দেওয়ালে পোস্টার সাঁটানো এবং যানবাহনে প্যানা লাগিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে বিএনপির অনিন্দ্য ইসলাম অমিতকে ২০ হাজার এবং জামায়াতের আব্দুল কাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার শামীম হোসাইন জানান, যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের পুরাতন ছাত্রাবাসের প্রধান ফটক ও দেওয়ালে পোস্টার সাঁটানো এবং শহরের বিভিন্ন স্থানে অবৈধ প্যানা ব্যানার টাঙানোর সুনির্দিষ্ট অভিযোগে বিএনপি প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতকে এই জরিমানা করা হয়।
অন্যদিকে, নির্বাচনী আচরণবিধি তোয়াক্কা না করে বিভিন্ন যানবাহনের পেছনে ছবি সম্বলিত প্যানা লাগিয়ে প্রচার চালানোর দায়ে জামায়াত সমর্থিত প্রার্থী আব্দুল কাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে পরিচালিত এই অভিযানে তাৎক্ষণিকভাবে সকল অবৈধ প্রচারসামগ্রী অপসারণ করা হয়। সহকারী কমিশনার আরও জানান, জরিমানার পাশাপাশি উভয় প্রার্থীর প্রতিনিধিদের সতর্ক করা হয়েছে এবং আচরণবিধি বাস্তবায়নে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।