নিজস্ব প্রতিবেদক
ছবি: প্রতীকী
যশোরের মণিরামপুরে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’-এর পাঁচ সদস্যকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে র্যাব। মামলার দীর্ঘ তদন্ত শেষে আদালতে এই চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা র্যাব-৬, সিপিসি-৩ ক্যাম্পের এসআই মিহির কান্তি হালদার।
অভিযুক্ত আসামিরা হলো, মণিরামপুরের টুনিয়াঘরা গ্রামের রজব আলীর ছেলে মোহাম্মদ আলী ওরফে শেখ মোহাম্মদ আলী, করেরাইল গ্রামের আব্দুর রশীদের ছেলে আব্দুল্লাহ আল গালীব, যশোর সদরের রামনগর পুকুরকুল গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে নাদির হোসেন, কচুয়া গ্রামের আইয়ুব আলীর ছেলে জাফর হোসেন ওরফে শিমুল খান, নড়াইল সদরের উজিরপুর গ্রামের নূর আহম্মদের ছেলে ওসামা।
মামলার নথিসূত্রে জানা গেছে, ২০২১ সালের ৫ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মণিরামপুরের টুনিয়াঘরা গ্রামে রজব আলীর বাড়িতে অভিযান চালায় র্যাব-৬। অভিযানে মোহাম্মদ আলীসহ তিন সহযোগীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী নথিপত্র, একটি ল্যাপটপ এবং পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এই ঘটনায় র্যাব-৬, সিপিসি-৩-এর ডিএডি রিপন শিকদার বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মণিরামপুর থানায় মামলা করেন এবং আটককৃতদের পুলিশের কাছে সোপর্দ করেন। পরবর্তীতে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওসামা নামে আরও এক সদস্যকে গ্রেফতার করা হয়।
মামলাটি প্রথমে থানা পুলিশ তদন্ত করলেও পরবর্তীতে র্যাব-৬ তদন্তের দায়িত্ব পায়। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত পাঁচজনের সম্পৃক্ততা পাওয়ায় তাদের বিরুদ্ধে আদালতে এই চার্জশিট দাখিল করা হয়েছে। চার্জশিটে অভিযুক্ত পাঁচজনকেই বর্তমানে আটক দেখানো হয়েছে।